ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় একজন অভিযুক্ত পালিয়ে যান। শনিবার (১৮ জুলাই ২০২৬) রাত ৮টা ৪৫ মিনিটের দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কদমতলা গ্রামের ফতেপুর বাওড় সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে তিনজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন— রাসেল হোসেন (৩০), পিতা: সেলিম রেজা, গ্রাম: কদমতলা মাঠপাড়া; চঞ্চল হালদার (২৭), পিতা: মৃত স্বপন হালদার, গ্রাম: বৈচিতলা, উভয়েই মহেশপুর উপজেলার বাসিন্দা; এবং আক্তারুল (২১), পিতা: মৃত মোশারেফ মণ্ডল, গ্রাম: চাঁনপাড়া, থানা: চৌগাছা, জেলা: যশোর।
অভিযানের সময় মহেশপুর উপজেলার যুগিহুদা গ্রামের বাসিন্দা শহিদুল ইসলাম (৩৪) পালিয়ে যান বলে পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১২টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন ১ দশমিক ২ গ্রাম। প্রতিটি ট্যাবলেটের আনুমানিক মূল্য ৩০০ টাকা হিসেবে উদ্ধারকৃত মাদকের মোট মূল্য প্রায় ৩ হাজার ৬০০ টাকা।
এ ঘটনায় মহেশপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, পলাতক অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।