জীবননগর অফিস:
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়নের খয়েরহুদা গ্রামে গাছ থেকে পড়ে নিহত কৃষক শরিফুল ইসলাম শাবুলের পরিবারের পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন। মানবিক সহায়তার অংশ হিসেবে জেলা প্রশাসকের কার্যালয় থেকে বরাদ্দকৃত জিআর (গ্রাটুইটাস রিলিফ) ক্যাশ কর্মসূচির আওতায় নিহতের পরিবারকে ২৫ হাজার টাকা নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
সোমবার জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া সুলতানা এ্যানি নিহতের স্ত্রী মোছা. শিরিনা খাতুনের হাতে এ অনুদানের অর্থ তুলে দেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত রোববার (১৯ জুলাই) সকাল প্রায় ১১টার দিকে খয়েরহুদা মাঠে ছাগলের জন্য গাছের পাতা সংগ্রহ করতে গিয়ে শরিফুল ইসলাম শাবুল গাছ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে স্ত্রী-সন্তানসহ পরিবারটি চরম আর্থিক অনিশ্চয়তার মধ্যে পড়ে। বিষয়টি বিবেচনায় নিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে জরুরি মানবিক সহায়তা হিসেবে ২৫ হাজার টাকার জিআর ক্যাশ বরাদ্দ দেওয়া হয়।
অনুদান প্রদানকালে ইউএনও সুমাইয়া সুলতানা এ্যানি নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, “সরকারের সামাজিক নিরাপত্তা ও মানবিক সহায়তা কর্মসূচির আওতায় অসহায়, দুর্ঘটনাগ্রস্ত ও সংকটাপন্ন পরিবারের পাশে দাঁড়াতে উপজেলা প্রশাসন সবসময় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও প্রকৃত অসহায় মানুষের জন্য সরকারের সহায়তা নিশ্চিত করার চেষ্টা অব্যাহত থাকবে।”
নিহতের স্ত্রী মোছা. শিরিনা খাতুন জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই সহায়তা তাদের দুঃসময়ে কিছুটা হলেও আর্থিক স্বস্তি এনে দেবে।
স্থানীয় বাসিন্দারা জানান, পরিবারের উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে পরিবারটি কঠিন সংকটের মুখে পড়েছে। এমন পরিস্থিতিতে জেলা প্রশাসনের এই মানবিক সহায়তা পরিবারটির জন্য তাৎক্ষণিকভাবে গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে কাজ করবে। তারা ভবিষ্যতেও পরিবারটির প্রতি সরকারি ও সমাজের বিত্তবান মানুষের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।