মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের মহেশপুর ও চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে পৃথক দুটি মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪০২ বোতল ভারতীয় সিরাপ ও ৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। তবে এসব অভিযানে কোনো মাদক কারবারিকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি সূত্রে জানা গেছে, গত ২৩ জুলাই ২০২৬ সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের অধীন মাটিলা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সীমান্ত পিলার ৫৩/১-এস থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মগদাসপুর গ্রামের রাশেদুলের বাড়ির পাশের এলাকায় সুবেদার মো. মাজেদুর ইসলামের নেতৃত্বে বিজিবির একটি দল অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ২৬৪ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
অপরদিকে, ২৪ জুলাই ২০২৬ সকাল আনুমানিক ১১টার দিকে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মেদিনীপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে বিজিবি। সীমান্ত পিলার ৬৩/৫-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মেদিনীপুর গ্রামের নুরু মিয়ার আমবাগানে হাবিলদার মো. মাসুম এলাহীর নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ৬ কেজি ভারতীয় গাঁজা ও ১৩৮ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার করা হয়। তবে এ অভিযানেও কাউকে আটক করা যায়নি।
বিজিবির পৃথক দুটি অভিযানে সর্বমোট ৪০২ বোতল ভারতীয় সিরাপ ও ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে।