জীবননগর অফিস: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২২ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের একটি অভিযানিক দল। পরে গ্রেপ্তার চার আসামিকে আদালতে হাজির করা হলে সামারি ট্রায়ালের মাধ্যমে প্রত্যেককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (২৭ জুলাই ২০২৬) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জীবননগর থানাধীন বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, অভিযানে প্রথমে কাশিপুর গ্রামের আব্দুর রহমানকে ৩ পিস ইয়াবাসহ আটক করা হয়। এরপর কাশিপুর দেহাটি গ্রামের সেলিম বিশ্বাসের কাছ থেকে ৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই অভিযানে রাজনগর গ্রামের সাগর মিয়াকে ৪ পিস এবং দোয়ারপাড় গ্রামের মো. ইন্তাজুলকে ১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। চার আসামির কাছ থেকে সর্বমোট ২২ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—জীবননগর উপজেলার কাশিপুর গ্রামের আব্দুর রহমান,কাশিপুর দেহাটি গ্রামের মো. সেলিম বিশ্বাস,রাজনগর গ্রামের মো. সাগর মিয়া (২১) এবং দোয়ারপাড় গ্রামের মো. ইন্তাজুল (২০)। পরে গ্রেপ্তার চার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয় এবং তাদের চুয়াডাঙ্গার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩ নম্বর আদালতে হাজির করা হয়। আদালত সামারি ট্রায়ালের মাধ্যমে প্রত্যেক আসামিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয় জানিয়েছে, মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ কেনাবেচা প্রতিরোধে জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।