আবু সাইদ শওকত আলী,ঝিনাইদহ:
ঝিনাইদহের কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ড এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০ বোতল ফেয়ারডিল সিরাপ, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং নগদ ৯ হাজার ১১০ টাকাসহ এক নারীকে আটক করেছে র্যাব-৬।
রোববার (২৬ জুলাই) রাত আনুমানিক ৯ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ডের সোনালী পরিবহন কাউন্টারের ভেতর থেকে তাকে আটক করা হয়।
আটককৃত নারী সকিনা বেগম। তার বাড়ি টাঙ্গাইল জেলায় বলে জানা গেছে।
র্যাব-৬ সূত্রে জানা যায়, আটককালে সকিনা বেগমের কাছ থেকে ৫০ বোতল ফেয়ারডিল সিরাপ, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং ফেয়ারডিল বিক্রির নগদ ৯ হাজার ১১০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত জব্দ করা হয়েছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
ঝিনাইদহ র্যাব-৬-এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইমামীম মুবীন সরকার বলেন, “মাদক নির্মূল এবং মাদক কারবারিদের বিরুদ্ধে র্যাব-৬-এর নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”