জীবননগর অফিস:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, সংবিধানের ৫১ অনুচ্ছেদের দোহাই দিয়ে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না। তাঁর দাবি, ওই অনুচ্ছেদের আওতায় সাবেক রাষ্ট্রপতির গ্রেপ্তার ঠেকানোর মতো কোনো আইনগত সুরক্ষা বর্তমানে অবশিষ্ট নেই।
রোববার (২৬ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে চুয়াডাঙ্গার জীবননগর মুক্তমঞ্চে আয়োজিত এনসিপির ‘জুলাই জাগরণ পদযাত্রা ও পথসভা’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘ন্যায়, গণতন্ত্র, অধিকার ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে’ এ কর্মসূচির আয়োজন করা হয়।
আখতার হোসেন বলেন, ‘সংবিধানের ৫১ অনুচ্ছেদের দোহাই দিয়ে সাহাবুদ্দিন চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না। ৫১ অনুচ্ছেদের আওতায় তাঁর গ্রেপ্তারের বিরুদ্ধে কোনো ধরনের আইনগত সুরক্ষা আর অবশিষ্ট নেই।’
রাজনৈতিক প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, বিএনপি জনগণের প্রত্যাশার বিপরীতে অবস্থান নিয়েছে। তাঁর দাবি, গণভোটে দেশের ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোটের পক্ষে রায় দিলেও বিএনপি সেই রায় বাস্তবায়ন করেনি।
তিনি আরও অভিযোগ করেন, বিএনপি বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয়করণের চেষ্টা করছে। এমনকি নির্বাচন কমিশনকেও দলীয় প্রভাবের আওতায় নেওয়ার চেষ্টা চলছে বলে দাবি করেন তিনি।
পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম সদস্যসচিব মোল্লা মোহাম্মদ ফারুক আহসান, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ও যুগ্ম সদস্যসচিব ডা. মাহমুদা মিতু।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা এনসিপির আহ্বায়ক খাজা আমিরুল বাশার বিপ্লব, সদস্যসচিব আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. সোহেল পারভেজ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম সারোয়ার ছোটন, আলী রুশদী মজনু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চুয়াডাঙ্গার সাবেক আহ্বায়ক আসলাম অর্ক ও মুখ্য সংগঠক মোস্তাফিজুর রহমান।
এ ছাড়া এনসিপি নেতা মহিউদ্দিন রনি, ফরিদুল হক, ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ হাসান, জীবননগর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সাজেদুর রহমান, নায়েবে আমির সাখাওয়াত হোসেন, সেক্রেটারি মাহফুজুর রহমান, সাবেক পৌর আমির নূর ইসলাম, সেক্রেটারি ইব্রাহিম খলিল, জীবননগর পৌর যুব জামায়াতের সভাপতি আরিফুল ইসলাম জোয়ার্দার এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জীবননগর উপজেলার সাবেক সদস্যসচিব হৃদয়সহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে একই দিন ঝিনাইদহে এনসিপির ‘জুলাই জাগরণ পদযাত্রা ও পথসভা’ অনুষ্ঠিত হয়। দলটির ঘোষিত কর্মসূচি অনুযায়ী, রোববার বিকেল ৫টায় জীবননগর মুক্তমঞ্চে কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও কেন্দ্রীয় নেতারা রাত সাড়ে ৯টার দিকে মঞ্চে উপস্থিত হন। পরে রাত সাড়ে ১০টার দিকে কর্মসূচির সমাপ্তি ঘটে।