আবু সাইদ শওকত আলী,ঝিনাইদহ: –
ঝিনাইদহের কোটচাঁদপুরে গাঁজাসহ আকাশ মোল্লা (২১) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
রোববার (২৬ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বাজেবামনদাহ কলেজ স্ট্যান্ড পৌর বাস টার্মিনাল এলাকা থেকে তাকে আটক করা হয়। কোটচাঁদপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন ও এসআই অমিত কুমার সাহার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটক আকাশ মোল্লা উপজেলার বকশিপুর গ্রামের এশারত মোল্লার ছেলে।
পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সোহেল রানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি জানান, মাদকের বিরুদ্ধে প্রশাসনের অবস্থান ‘জিরো টলারেন্স’। মাদকসহ যেই আটক হোক না কেন, কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। আটক আকাশ মোল্লা নিজের কাছে অবৈধ মাদকদ্রব্য গাঁজা রাখার বিষয়টি স্বীকার করায় তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
কোটচাঁদপুর মডেল থানার ওসি (তদন্ত) মো. আনসারুল্লাহ হক বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ধরনের অভিযানে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। আটক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে উপজেলা প্রশাসন।”