অপুদাস,ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহে ডিস্ট্রিক্ট হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সকালে শহরের আদর্শপাড়ায় বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়েলফেয়ার এফোর্টস (উই)-এর প্রশিক্ষণ কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভার আয়োজন করে ওয়েলফেয়ার এফোর্টস (উই) এবং সহযোগিতা করে মানবাধিকার সংস্কৃতিক ফাউন্ডেশন।
ডিস্ট্রিক্ট হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের সভাপতি এন. এম. শাহ জালালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মানবাধিকার সংস্কৃতিক ফাউন্ডেশনের নির্বাহী প্রধান অ্যাডভোকেট সাইদুর রহমান। তিনি সভার ধারণাপত্র উপস্থাপন করেন।
সভায় এপ্রিল-জুন ২০২৬ সময়কালের জেলার অপরাধচিত্র উপস্থাপন করেন জেলা হিউম্যান রাইটস মনিটরিং অফিসার কুতুব উদ্দীন। এ সময় গত তিন মাস ও চলমান মাসের মানবাধিকার পরিস্থিতি এবং বিভিন্ন অপরাধের চিত্র নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মুন্সী ফিরোজা সুলতানা, হরিণাকুণ্ডু সালেহা বেগম মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোক্তার আলী এবং সদর থানার সাব-ইন্সপেক্টর মোজাফফর হোসেন। এছাড়া স্বাগত বক্তব্য দেন ওয়েলফেয়ার এফোর্টস (উই)-এর নির্বাহী কমিটির সভাপতি রেবেকা সুলতানা এবং ডিএইচআরডিএনএস প্রকল্পের সমন্বয়কারী অ্যাডভোকেট সোফিয়া হাসিন।
বক্তারা মানবাধিকার লঙ্ঘনের ঘটনা প্রতিরোধ, অপরাধ বিষয়ে তথ্য সংগ্রহ, ভুক্তভোগীদের সহায়তা ও নিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধীদের আইনের আওতায় আনা, প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, বাল্যবিবাহ ও বিবাহ বিচ্ছেদ রোধে জনসচেতনতা বৃদ্ধি এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
সভার শেষাংশে নেটওয়ার্কের সদস্যরা চলমান কার্যক্রম পর্যালোচনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।