মহেশপুরে সংরক্ষিত নারী এমপি ফাহিমা নাসরিনের সঙ্গে গণ্যমান্যদের মতবিনিময়

উন্নয়ন, জনদুর্ভোগ ও সম্ভাবনার নানা বিষয় নিয়ে আলোচনা
শহিদুল ইসলাম,মহেশপুর (ঝিনাইদহ):
ঝিনাইদহের মহেশপুরে সংরক্ষিত মহিলা সংসদ সদস্য অ্যাডভোকেট ফাহিমা নাসরিনের সঙ্গে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মহেশপুর উপজেলার সার্বিক উন্নয়ন, জনসাধারণের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং এলাকার মানুষের কল্যাণে সমন্বিতভাবে কাজ করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য অ্যাডভোকেট ফাহিমা নাসরিন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, সাবেক অতিরিক্ত সচিব ও সিনিয়র কনসালটেন্ট (পিপিপি অথরিটি), আগারগাঁও, ঢাকা আবুল বাশার, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব মো. আখতারুজ্জামান এবং সাবেক প্রধান শিক্ষক এটিএম খায়রুল আনাম।
এছাড়া মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মেহেদী হাসান রনি, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এস এম শাহজামান মোহন, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক তারিকুজ্জামান, কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোমিনুর রহমান, ঝিনাইদহ জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. নান্নু মিয়া, মহেশপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাস, পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট আমিরুজ্জামান খান চুন্নু, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়াসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মতবিনিময় সভায় বক্তারা মহেশপুর উপজেলার উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল করার পাশাপাশি সাধারণ মানুষের দৈনন্দিন বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে উপজেলার অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগব্যবস্থা, কৃষি ও স্থানীয় অর্থনীতির বিকাশসহ জনসাধারণের বিভিন্ন প্রয়োজনীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এ সময় স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা মহেশপুরের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। তারা এলাকার মানুষের দীর্ঘদিনের বিভিন্ন দাবি ও প্রয়োজনীয়তার বিষয়গুলো সংশ্লিষ্টদের সামনে উপস্থাপন করেন এবং এসব সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
সভায় সংরক্ষিত মহিলা সংসদ সদস্য অ্যাডভোকেট ফাহিমা নাসরিন স্থানীয় মানুষের বিভিন্ন সমস্যা ও মতামত মনোযোগ দিয়ে শোনেন। একই সঙ্গে মহেশপুরের উন্নয়ন ও জনকল্যাণে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা ও সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।
মতবিনিময় সভায় রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে মহেশপুরের সামগ্রিক উন্নয়ন ও জনকল্যাণে পারস্পরিক সহযোগিতার বিষয়টি গুরুত্ব পায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *