জীবননগর প্রতিনিধি:
চুয়াডাঙ্গার জীবননগরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে তিনজন মাদকসেবীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার (৩১ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার সীমান্ত ইউনিয়নের বিভিন্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন সদরপাড়া গ্রামের বাবলুর রহমানের ছেলে ইকবাল হোসেন (৩২), গোয়ালপাড়া গ্রামের এড়েং পাখীর ছেলে ছালাম (৫০) এবং একই গ্রামের মৃত ইসলাম মণ্ডলের ছেলে ইন্নাল হোসেন (৫০)। অভিযান শেষে তাদের জীবননগর থানা হেফাজতে নেওয়া হয়।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত মাদকবিরোধী অভিযানে তাদের আটক করা হয়। পরবর্তীতে তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আদালতে হাজির করে সামারি ট্রায়ালের জন্য পাঠানো হবে বলেও তিনি জানান।
ওসি আরও বলেন, চুয়াডাঙ্গার পুলিশ সুপার রুহুল কবীর খানের নির্দেশনায় মাদকমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে জীবননগর থানা পুলিশের মাদকবিরোধী অভিযান নিয়মিত ভাবে পরিচালিত হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদারভাবে অব্যাহত থাকবে বলে তিনি জানান।