জীবননগর অফিস:
চুয়াডাঙ্গার জীবননগরে দুই পিস ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া এক যুবককে সংক্ষিপ্ত বিচারে (সামারি ট্রায়াল) ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, গত ৩০ জুলাই দুপুর সাড়ে ১২টার দিকে জীবননগর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের শাপলাকলি পাড়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে জীবননগর থানা পুলিশ। এ সময় ২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. তৌফিক আহমেদ রিয়াজ (৩০)-কে আটক করা হয়।
গ্রেপ্তার রিয়াজ শাপলাকলি পাড়ার মৃত মঈনুলের ছেলে। তিনি জীবননগর থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক বলে পুলিশ জানিয়েছে।
পুলিশের দাবি, রিয়াজ দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে চাঁদাবাজি, ডাকাতি ও সন্ত্রাসবিরোধী আইনে তিনটি মামলা বিচারাধীন রয়েছে। এছাড়া অভিযানের সময় তিনি দায়িত্বরত পুলিশ সদস্যদের সঙ্গে অসৌজন্যমূলক ও মারমুখী আচরণ করেন বলেও অভিযোগ করেছে পুলিশ।
গ্রেপ্তারের পর তাকে আদালতে হাজির করা হলে সংক্ষিপ্ত বিচারের মাধ্যমে আদালত ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা অর্থদণ্ডের আদেশ দেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ বলেন, “মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। আইনের ঊর্ধ্বে কেউ নয়। অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
উল্লেখ্য, পুলিশের ভাষ্য অনুযায়ী অভিযুক্তের বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। এসব অভিযোগের বিষয়ে আদালতের চূড়ান্ত নিষ্পত্তি এখনও হয়নি।