ঝিনাইদহে সূর্যোদয় নাট্যগোষ্ঠীর বিশেষ সভা অনুষ্ঠিত বৃক্ষরোপণ ও মাদক বিরোধী কর্মসূচির সিদ্ধান্ত

আহম্মেদ সাগর,ঝিনাইদহ সদর প্রতিনিধি:

ঝিনাইদহে সাংস্কৃতিক সংগঠন সূর্যোদয় নাট্যগোষ্ঠী-এর কার্যনির্বাহী পরিষদের এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের চলমান কার্যক্রম পর্যালোচনার পাশাপাশি সামাজিক সচেতনতা ও পরিবেশ সংরক্ষণে বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. হায়দার আলী। উপস্থিত ছিলেন সহ-সভাপতি ড. তপন কুমার গাঙ্গুলী,সাধারণ সম্পাদক ও কৌতুক অভিনেতা হুমায়ূন কবিরী টুকু, সহকারী সাধারণ সম্পাদক মো.রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কাজী মোহাম্মদ আলী পিকু, উপদেষ্টা অ্যাডভোকেট মো. বদিউজ্জামান, মো. রবিউল ইসলাম জুয়েল, অশোক কর্মকার, কোষাধ্যক্ষ প্রদীপ কুমার পালিত, টিপু সুলতান, মফিজসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

সভায় বক্তারা বলেন, নাট্যচর্চার পাশাপাশি সমাজের বিভিন্ন ইতিবাচক উদ্যোগে সাংস্কৃতিক সংগঠনগুলোর সক্রিয় ভূমিকা রাখা সময়ের দাবি। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে আগামী মাসজুড়ে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা রোপণের কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত হয়। পাশাপাশি শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন এলাকায় মাদকবিরোধী র‍্যালি, প্রচারাভিযান এবং সচেতনতামূলক কর্মসূচি আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় উপস্থিত নেতৃবৃন্দ এসব কর্মসূচি বাস্তবায়নে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, জনপ্রতিনিধি এবং সচেতন নাগরিকদের সহযোগিতা কামনা করেন। তারা আশা প্রকাশ করেন, সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশাপাশি এ ধরনের সামাজিক উদ্যোগ তরুণ সমাজকে ইতিবাচক কাজে উদ্বুদ্ধ করবে এবং একটি সুস্থ, সচেতন ও সবুজ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *