জলাবদ্ধ মাঠ সংস্কার ও ঝুঁকিপূর্ণ সড়ক মেরামতে স্বেচ্ছাশ্রম: মহারাজপুরে প্রশংসিত উদ্যোগ

আবু সাইদ শওকত আলী,ঝিনাইদহ:
ঝিনাইদহ সদর উপজেলার ৭নং মহারাজপুর ইউনিয়নের বিষয়খালী ও হরিপুর এলাকায় শিক্ষা, খেলাধুলা এবং জনসাধারণের চলাচলের সুবিধা নিশ্চিত করতে একাধিক উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জলাবদ্ধতায় দীর্ঘদিন ধরে অচল হয়ে পড়া দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের খেলার মাঠ সংস্কার এবং ঝুঁকিপূর্ণ একটি সড়ক সাময়িকভাবে মেরামতের কাজ স্থানীয় জনপ্রতিনিধি, সমাজসেবক ও যুবসমাজের উদ্যোগে সম্পন্ন হচ্ছে।

দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা ও কাদার কারণে বিষয়খালী শহীদ মোস্তফা স্কুল অ্যান্ড কলেজের মাঠে খেলাধুলা বন্ধ ছিল। একই সঙ্গে শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত ও চলাচলও বিঘ্নিত হচ্ছিল। এ অবস্থায় ৭নং মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খুরশিদ আলম মিঞার সার্বিক সহযোগিতায় মাঠে বালু ভরাট করা হয়। বর্তমানে মাঠ সমতলকরণ ও সংস্কারের কাজ চলছে। সংশ্লিষ্টরা জানান, কাজ দ্রুত সম্পন্ন করে মাঠটি খেলাধুলার উপযোগী করা হবে এবং পরে আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হবে।

মাঠ সংস্কার কাজে সার্বক্ষণিক শ্রম ও সময় দিয়ে সহযোগিতা করছেন বিষয়খালী শহীদ মোস্তফা স্কুল অ্যান্ড কলেজের সভাপতি বিল্লাল হোসেন মিঞা, আশিক, আবু সাইদ, মাসুম, নাহিদ, ওয়াসিম, নাফিস শেখ, আব্দুর রহমান, মাজেদুল (এমপি)সহ এলাকার একঝাঁক উদীয়মান তরুণ। পুরো কার্যক্রমের তত্ত্বাবধানে রয়েছেন সমাজসেবক ও মহারাজপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মো. মাজেদুল ইসলাম মাজু।

এদিকে, বিষয়খালী-কেশবপুর সড়ক দিয়ে বিষয়খালী বাজার হয়ে ঝিনাইদহ-যশোর মহাসড়কে ওঠার মুখে রাকিবের চায়ের দোকানের সামনে সিক্স লেন প্রকল্পের কাজের কারণে সৃষ্ট বড় গর্তে ভ্যান, ইজিবাইক, মোটরসাইকেল, সাইকেলসহ বিভিন্ন যানবাহনের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। জনদুর্ভোগ লাঘবে স্থানীয় উদ্যোগে প্রথমে বালু দিয়ে গর্ত ভরাট করা হয় এবং শনিবার (১ আগস্ট) বিকালে ইটের সুরকি ফেলে সড়কটি সাময়িকভাবে চলাচলের উপযোগী করে দেওয়া হয়।

অন্যদিকে, জলাবদ্ধতার কারণে খেলার অনুপযোগী হয়ে পড়া হরিপুর ইসলামপুর কবি ফজরের আলী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। হরিপুর যুবসমাজের আহ্বানে এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খুরশিদ আলম মিঞার সহযোগিতায় মাঠ সংস্কারের কাজ চলছে। এখানেও সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন সমাজসেবক মো. মাজেদুল ইসলাম মাজু।

বিষয়খালী শহীদ মোস্তফা স্কুল অ্যান্ড কলেজ মাঠের খেলোয়াড় সবুজ হোসেন বলেন, “দীর্ঘদিন ধরে মাঠে পানি ও কাদা জমে থাকায় আমরা খেলাধুলা করতে পারিনি। এখন মাঠ সংস্কারের কাজ শুরু হওয়ায় আমরা খুবই আনন্দিত। মাঠটি দ্রুত প্রস্তুত হলে আবার নিয়মিত খেলাধুলা করতে পারব এবং টুর্নামেন্ট আয়োজনও সম্ভব হবে।”

হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাজেম আলী বলেন, “একটি ভালো খেলার মাঠ শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মাঠ সংস্কারের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এটি এলাকার শিশু-কিশোরদের খেলাধুলার সুযোগ বাড়াবে।”

সমাজসেবক ও মহারাজপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মো. মাজেদুল ইসলাম মাজু বলেন, “সমাজের উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে। জনপ্রতিনিধি, যুবসমাজ ও সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টায় অনেক অসম্ভব কাজও সম্ভব হয়। আমরা চাই এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠগুলো খেলাধুলার উপযোগী হোক এবং মানুষের চলাচলের সমস্যাগুলোও দ্রুত সমাধান করা হোক। আসুন, দৃষ্টিভঙ্গি বদলাই—সমাজ এমনিতেই বদলে যাবে, ইনশাআল্লাহ।”

স্থানীয়রা জানান, এমন জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকলে এলাকার শিক্ষা, খেলাধুলা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে। তারা এসব সামাজিক কর্মকাণ্ডে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।     

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *