আহম্মেদ সাগর,ঝিনাইদহ সদর প্রতিনিধি:
বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ উপলক্ষে ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের কালুহাটি কমিউনিটি ক্লিনিকে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ আগস্ট) সকালে আয়োজিত এ সভায় গর্ভবতী মা, প্রসূতি মা, শিশুদের অভিভাবক এবং কমিউনিটি ক্লিনিকের বিভিন্ন সেবাগ্রহীতা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন কালুহাটি কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মো. মাজেদুল হক। তিনি বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ এর প্রতিপাদ্যের আলোকে নবজাতকের সুস্থ বৃদ্ধি, সঠিক পুষ্টি ও সার্বিক বিকাশে মাতৃদুগ্ধের অপরিসীম গুরুত্ব তুলে ধরেন।
বক্তারা বলেন, শিশুর জন্মের প্রথম এক ঘণ্টার মধ্যেই মায়ের শালদুধ (কলোস্ট্রাম) পান করানো অত্যন্ত জরুরি। এছাড়া জন্মের পর প্রথম ছয় মাস পর্যন্ত শিশুকে শুধু মায়ের দুধ খাওয়ানো এবং ছয় মাস পূর্ণ হওয়ার পর বয়স উপযোগী পরিপূরক খাবারের পাশাপাশি দুই বছর বা তারও বেশি সময় মাতৃদুগ্ধ পান করানো শিশুর সুস্থ বৃদ্ধি ও রোগ প্রতিরোধ ক্ষমতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আলোচনায় আরও জানানো হয়, মাতৃদুগ্ধ শিশুকে অপুষ্টি, ডায়রিয়া, নিউমোনিয়াসহ বিভিন্ন সংক্রামক রোগের ঝুঁকি থেকে সুরক্ষা দেয়। একই সঙ্গে এটি মায়ের শারীরিক সুস্থতা বজায় রাখা, প্রসব-পরবর্তী জটিলতা হ্রাস এবং মা-শিশুর নিবিড় বন্ধন গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
অনুষ্ঠান শেষে উপস্থিত মায়েদের মাতৃদুগ্ধ পান করানোর প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয় এবং তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন স্বাস্থ্যকর্মীরা।
এ সময় কালুহাটি গ্রামের কৃতি সন্তান জুলফিকার আলী ভুট্টো খানসহ ক্লিনিকে আগত রোগী, সেবাগ্রহীতা ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।