শহিদুল ইসলাম,মহেশপুর (ঝিনাইদহ):
ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তবর্তী মাইলবাড়ীয়া পূর্ব ঢাকাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মেহেদী হাসান নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। একই অভিযানে মাদকসেবনের অভিযোগে আটক অপর দুই ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পৃথক মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আটক মেহেদী হাসান মাইলবাড়ীয়া পূর্ব ঢাকাপাড়া গ্রামের হামিদ শেখের ছেলে। অপরদিকে, দণ্ডপ্রাপ্তরা হলেন মহেশপুর উপজেলার বাকোশপোতা গ্রামের ওবায়দুল হকের ছেলে ফয়সাল ও একই গ্রামের রতন মিয়ার ছেলে সম্রাট। ভ্রাম্যমাণ আদালত ফয়সালকে পাঁচ দিন এবং সম্রাটকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল মাইলবাড়ীয়া পূর্ব ঢাকাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মেহেদী হাসানের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে আটক করা হয়। একই অভিযানে ফয়সাল ও সম্রাটকে আটক করা হলে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাদের পৃথক মেয়াদে কারাদণ্ড দেন।
স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, মেহেদী হাসান দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তবে এসব অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এছাড়া তিনি কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত কি না, সে বিষয়েও সংশ্লিষ্ট রাজনৈতিক দলের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে, সীমান্তবর্তী এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি আরও বাড়ানো প্রয়োজন।
আটক মেহেদী হাসানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।