দর্শনায় ডোপ টেস্টে পজিটিভ ৪ যুবক, আদালতে কারাদণ্ড

বিশেষ  প্রতিনিধি:
চুয়াডাঙ্গার দর্শনায় মাদকবিরোধী অভিযানে চার যুবককে আটক করার পর ডোপ টেস্টে মাদক সেবনের প্রমাণ পাওয়ায় বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত।
পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় এবং দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলামের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হয়।
সোমবার (৩ আগস্ট ২০২৬) রাত ৭টা ৫০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানার এসআই (নিঃ) আলমগীর কবির সঙ্গীয় ফোর্স নিয়ে দর্শনা থানাধীন কেরুজ মিলপাড়া গ্রামের বাজার মাঠে অভিযান চালান। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন যুবক কৌশলে দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ চারজনকে আটক করতে সক্ষম হয়।
আটক ব্যক্তিরা হলেন—দর্শনা থানার ঈশ্বরচন্দ্রপুর ঈদগাহপাড়ার মো. ফেরদৌস খান (২৩), রেল কলোনীর মো. আসমাউল হাসান (২৪), দর্শনা মিলপাড়ার মো. রায়হান হোসেন (২১) এবং মোবারকপাড়ার মো. রাকিবুল ইসলাম মানিক (১৯)।
পরে আটক চারজনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ডোপ টেস্ট করা হলে পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে বলে পুলিশ জানায়।
পরবর্তীতে সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচারের জন্য তাদের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সংক্ষিপ্ত বিচার আদালত)-এর আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত মো. ফেরদৌস খানকে ৭ দিনের কারাদণ্ড এবং ৫০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ২ দিনের কারাদণ্ড দেন।
অপর তিনজন—মো. আসমাউল হাসান, মো. রায়হান হোসেন ও মো. রাকিবুল ইসলাম মানিককে ১৫ দিনের কারাদণ্ড এবং প্রত্যেককে ৫০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ দিনের কারাদণ্ড প্রদান করেন বিজ্ঞ আদালত।
দর্শনা থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক সেবন ও এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *