অপু দাস,ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ভাস্কর্যটি দ্রুত পুনর্নির্মাণের দাবি জানিয়েছে নাগরিক প্রতিনিধি দল। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে কেন্দ্রীয় বাস টার্মিনালে অবস্থিত ভাস্কর্যের সামনে শ্রদ্ধা নিবেদন শেষে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে এ দাবি জানানো হয়।
সমাবেশে বক্তব্য দেন অগ্রদূত সম্পাদক মুক্তিযোদ্ধা আবু সাঈদ খান, মানবাধিকার কমিশনের সাবেক কমিশনার ও গুম কমিশনের সাবেক সদস্য নুর খানক লিটন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস, নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক ফারাহ তানজিম তিতিলসহ অন্যান্যরা।
বক্তারা বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন,এটি শুধু একটি ভাস্কর্যের ওপর হামলা নয়, বরং মুক্তিযুদ্ধের ইতিহাস ও জাতীয় গৌরবের ওপর আঘাত। তারা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে
আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ভাস্কর্যটি পূর্বের স্থানে পুনর্নির্মাণের দাবি জানান। একই সঙ্গে এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
উল্লেখ্য, গত ১৫ জুলাই ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে নির্মাণাধীন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসমাপ্ত ভাস্কর্য কিছু শ্রমিক ভেঙে ফেলে। সে সময় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি সম্পর্কে অবগত না থাকার কথা গণমাধ্যমকে জানানো হয়। পরবর্তীতে প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়, ভাস্কর্যটি অপসারণ করে অন্যত্র স্থানান্তরের উদ্যোগ নেওয়া হচ্ছিল। তবে এ ঘটনাকে ঘিরে জেলায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়