জীবননগরে ট্রান্সফরমার চুরির মুল হোতা আন্ত:জেলা চোরচক্রের চোরচক্রের ৬ সদস্য গ্রেপ্তার উদ্ধার চোরাই মালামাল ও যানবাহন

জীবননগর অফিস:

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার  বিভিন্ন মাঠ থেকে একের পর এক কৃষকদের সেচ কাজে ব্যবহৃত বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির সঙ্গে জড়িত একটি সংঘবদ্ধ চোরচক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে জীবননগর থানা পুলিশ। এ সময় চুরি হওয়া ট্রান্সফরমারের তামার কয়েল,কপার,বিভিন্ন যন্ত্রাংশ,চুরির কাজে ব্যবহৃত সরঞ্জাম,একটি প্রাইভেটকার ও একটি পিকআপ ভ্যান উদ্ধার করা হয়েছে।অবশেষে থানা পুলিশ ট্রান্সফরমার চোর সিন্ডিকেটের হোতাসহ চক্রের ৬ সদস্য গ্রেপ্তার হওয়ায় এলাকার কৃষকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।অপরদিকে পুলিশ এ ঘটনায় ভূয়সী প্রশংসা কুড়িয়েছেন।

পুলিশ জানায়,গত ৪ আগস্ট সীমান্ত ইউনিয়নের যাদবপুর গ্রামের কৃষক আবু জাফর বিশ্বাস (৪৮) যাদবপুর দক্ষিণ মাঠে তার সেচ প্রকল্পের বৈদ্যুতিক খুঁটির নিচে তিনটি ট্রান্সফরমারের খালি চেম্বার পড়ে থাকতে দেখেন। পরে পরীক্ষা করে তিনি দেখতে পান, ট্রান্সফরমারগুলোর প্রতিটিতে থাকা প্রায় ১০ কেজি ওজনের তামার কয়েলসহ মোট ৩০ কেজি তামা এবং ট্রান্সফরমারের ভেতরের তেল চুরি হয়ে গেছে। এতে তার প্রায় আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

একই দিন একই মাঠে অপর সেচ ব্যবসায়ী আনারুল ইসলামও তার একটি ট্রান্সফরমার থেকে তামা ও তেল চুরির অভিযোগ করেন। এ ঘটনায় আবু জাফর বিশ্বাস বাদী হয়ে ৪ আগস্ট জীবননগর থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার পর পুলিশ তথ্যপ্রযুক্তি,গোয়েন্দা তথ্য এবং গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সংঘবদ্ধ চোরচক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থান থেকে চুরি হওয়া ট্রান্সফরমারের তামার কয়েল, কপার, অন্যান্য যন্ত্রাংশ এবং চুরির কাজে ব্যবহৃত সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

শুক্রবার(৭ আগষ্ট) সকাল ১১ টায় জীবননগর থানা প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ গ্রেপ্তার ও উদ্ধার অভিযানের বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন,গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন এলাকায় কৃষকদের সেচকাজে ব্যবহৃত বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করে মূল্যবান তামা,তেল ও অন্যান্য যন্ত্রাংশ বিক্রি করে আসছিল।এ চক্রটি আন্ত:জেলা ট্রান্সফরমার চোর সিন্ডিকেটের সদস্য। তাদেরকে আমরা নানা কৌশলে দেশের বিভিন্ন জেলা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং চক্রটির সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ভুক্তভোগী কৃষক আবু জাফর বিশ্বাস বলেন,অবশেষে পুলিশ চোরচক্রকে আটক করতে পারায় আমরা পুলিশকে সাধুবাদ জানাচ্ছি। চোরচক্রটি ধরা না গেলে মাঠের ট্রান্সফরমার আরো চুরির সম্ভবনা ছিল।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে-মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার (চাষীড়া/চাষীরি থানা উল্লেখ থাকলে সরকারি নথি অনুযায়ী সংশোধনযোগ্য) মৃত আনোয়ারের ছেলে আব্দুল মালেক (৪৫),চুয়াডাঙ্গা শহরের ফার্মপাড়ার জাহিদ শেখের ছেলে শিপলু (২৮),বগুড়ার কাহালু উপজেলার কাশেম খাঁর ছেলে টুলু (৪৪),চুয়াডাঙ্গা সদর উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের মৃত মজিবরের ছেলে স্বপন উদ্দিন (৩৭), মিজানুরের ছেলে সবুজ শেখ (৩৭) এবং আব্দুল গফুরের ছেলে জাফর আহমেদ (৩৪)।তাদেরকে আদালতে সোপর্দপুর্বক ৭ দিনের পুলিশ রিমান্ডের আবেদন করা  হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *