চুয়াডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে দুইজন আটক, কারাদণ্ড

চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে নিষিদ্ধ মাদকদ্রব্যসহ দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। এ সময় একজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এবং অপরজনকে আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (১২ আগস্ট) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চুয়াডাঙ্গা সদর ও দর্শনা থানার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান পরিচালিত হয়।
অভিযানে চুয়াডাঙ্গা সদর উপজেলার দৌলতদিয়ার মাঝেরপাড়া এলাকার মো. আশা (৪২)-কে আটক করা হয়। তিনি মৃত জলিল মণ্ডলের ছেলে। তার কাছ থেকে ২ অ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশন উদ্ধার করা হয়।
অপর অভিযানে দর্শনা থানার ছোট সলুয়া এলাকার মো. শওকত আলী (৬০)-কে আটক করা হয়। তিনি মৃত মিনাজ উদ্দিনের ছেলে। তার কাছ থেকে ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আটকের পর মো. আশার বিরুদ্ধে আনীত অভিযোগের ভিত্তিতে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস.এম. আসিস মোমতাজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
অন্যদিকে, মো. শওকত আলীকে চুয়াডাঙ্গার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে হাজির করা হলে বিচারক তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদকদ্রব্যের অবৈধ ব্যবহার, সংরক্ষণ ও কেনাবেচার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *