ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে সুশিক্ষিত যোগ্য জনপ্রিয় এবং দলের দুর্দিনে ত্যাগীদের মুল্যায়ন করা হবে
জীবননগর প্রতিনিধি:
সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করার লক্ষ্যে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী ইউনিয়ন বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ আগস্ট) বিকেলে উথলী বাসস্ট্যান্ডে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উথলী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি ইউনুচ আলী।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকন। তিনি আসন্ন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সাংগঠনিকভাবে প্রস্তুত হওয়ার আহ্বান জানান।
সভায় আনোয়ার হোসেন খান খোকন বলেন, “আসন্ন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপির নেতাকর্মীদের আরও সুসংগঠিত হতে হবে। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে দলীয়ভাবে সুশিক্ষিত, যোগ্য, জনপ্রিয় এবং দলের দুর্দিনে ত্যাগ ও নির্যাতনের শিকার নেতাকর্মীদের মধ্য থেকে প্রার্থী নির্বাচন করা হবে। দল যাকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেবে, দলের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে তার পক্ষে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, দলীয় সিদ্ধান্ত ও শৃঙ্খলা মেনে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে হবে। কেউ দলীয় সিদ্ধান্ত অমান্য করলে তার বিরুদ্ধে সাংগঠনিক বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
উথলী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক নাজমুল হুসাইনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান আলী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মঈন উদ্দীন ময়েন, সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন, উথলী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নাছিম হায়দার হীরক, বিএনপি নেতা মোশারফ হোসেন, যুবদল নেতা রুবেল আহম্মেদ সাঈদ ও তৌহিদুল ইসলাম এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি অমিত খান।
এছাড়া উথলী ইউনিয়ন বিএনপি, বিভিন্ন ওয়ার্ড বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।
সভায় স্থানীয় পর্যায়ে দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার, নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং আসন্ন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।