বড়লেখায় নিখোঁজের একদিন পর জঙ্গল থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

অলিউর রহমান,বড়লেখা (মৌলভীবাজার):

মৌলভীবাজারের বড়লেখায় বাড়ির পাশের জঙ্গল থেকে আব্দুল হক (৬৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার দাসেরবাজার ইউনিয়নের পূর্ব শংকরপুর গ্রাম থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
নিহত আব্দুল হক ওই গ্রামের মৃত সোয়াব আলীর ছেলে এবং দাসেরবাজার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি সর্বশেষ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ওই ওয়ার্ড থেকে প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
পুলিশ ও স্বজনরা জানান, শুক্রবার দুপুরে একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন আব্দুল হক। এরপর আর বাড়ি ফেরেননি। শনিবার সকালে স্থানীয় লোকজন বাড়ির পাশের জঙ্গলে তাঁর লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। তাঁর ডান কানের লতি কাটা এবং মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
বড়লেখা থানার ওসি মনিরুজ্জামান খান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাঁকে হত্যা করে লাশ জঙ্গলে ফেলে গেছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনাটি তদন্ত করে হত্যার রহস্য উদ্‌ঘাটনের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *