আজিজুর রহমান, স্টাফ রিপোর্টার:
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় দ্বিতীয় স্থান অর্জন করেছে ঘোষনগরের মেধাবী শিক্ষার্থী রাইসা মালিহা খুশবু। যশোর শিক্ষা বোর্ডের অধীনে বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশ নিয়ে ১ হাজার ২৫০ নম্বরের মধ্যে ১ হাজার ১৮১ নম্বর পেয়ে এ কৃতিত্ব অর্জন করে সে।
রাইসা মালিহা খুশবু ঘোষনগরের বিশিষ্ট কবি ও ভৈরব সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান এবং বাঁকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছা. রাবিয়া খাতুন দম্পতির একমাত্র কন্যা।
খুশবুর শিক্ষাজীবনের শুরু দৌলৎগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। পরবর্তীতে সে শাপলাকলি আদর্শ মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক স্তরের পড়াশোনা সম্পন্ন করে। পড়াশোনার পাশাপাশি ছোটবেলা থেকেই বিভিন্ন সৃজনশীল ও সহশিক্ষা কার্যক্রমে তার আগ্রহ ছিল।
বিদ্যালয়জীবনে কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, বাংলা ও ইংরেজি রচনা এবং চিত্রাঙ্কনসহ বিভিন্ন প্রতিযোগিতায় উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করে খুশবু। এসব প্রতিযোগিতায় তার অর্জনের ঝুলিতে যুক্ত হয়েছে একাধিক পুরস্কার ও সনদ।
শিশুসাহিত্য চর্চাতেও তার আগ্রহ রয়েছে। শিশুসাহিত্য রচনায় অবদানের স্বীকৃতি হিসেবে মাত্র ১৩ বছর বয়সে কথাসাহিত্যিক সেলিনা হোসেন পদক অর্জন করে রাইসা মালিহা খুশবু।
এসএসসি পরীক্ষায় ভালো ফলাফলের পাশাপাশি সাহিত্য ও সৃজনশীল কর্মকাণ্ডে তার অংশগ্রহণে পরিবার, শিক্ষক ও স্থানীয়দের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণ করে নিজের মেধা ও সৃজনশীলতার বিকাশ ঘটাতে চায় খুশবু।
রাইসা মালিহা খুশবুর বাবা-মা জানান, তাদের মেয়ে যেন ভবিষ্যতে একজন সুশিক্ষিত, মানবিক ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে ওঠে এবং তার শিক্ষাজীবনে আরও সাফল্য অর্জন করতে পারে—এটাই তাদের প্রত্যাশা ও দোয়া।