জীবননগর-মহেশপুর সীমান্তে সাড়ে ৬৭ লাখ টাকার ভারতীয় ডিএনএ টেস্ট কিটসহ কীটনাশক আটক

ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের মহেশপুর ও চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ডিএনএ টেস্ট কিট ও কীটনাশক আটক করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। এসব অভিযানে মোট ২৮৬ পিস ভারতীয় ডিএনএ টেস্ট কিট ও ৩৪ প্যাকেট ভারতীয় কীটনাশক উদ্ধার করা হয়। উদ্ধার করা ডিএনএ টেস্ট কিটের আনুমানিক সিজার মূল্য ৬৭ লাখ ২১ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি সূত্রে জানা যায়, সোমবার (১৭ আগস্ট) রাত ১০টা ৫ মিনিটের দিকে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার নতুনপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সীমান্ত পিলার ৬৬/৬-এস থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মিন্টু মিয়ার আমবাগানে এ অভিযান চালানো হয়।
হাবিলদার মো. আনিছুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে একটি নির্দিষ্ট স্থানে তল্লাশি চালিয়ে আসামীবিহীন অবস্থায় ২৮৬ পিস ভারতীয় ডিএনএ টেস্ট কিট উদ্ধার করা হয়। বিজিবির হিসাব অনুযায়ী, উদ্ধার করা এসব কিটের আনুমানিক সিজার মূল্য ৬৭ লাখ ২১ হাজার টাকা।
এদিকে, একই দিন বিকেল ৪টার দিকে ঝিনাইদহের মহেশপুর উপজেলার কুমিল্লাপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে বিজিবি। সীমান্ত পিলার ৬০/৪৫-আর থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গণি মিয়ার লাউ বাগানের উত্তর-পূর্ব কোণে এ অভিযান চালানো হয়।
নায়েব সুবেদার মো. শরীফউদ্দীনের নেতৃত্বে পরিচালিত অভিযানে আসামীবিহীন অবস্থায় ৩৪ প্যাকেট ভারতীয় কীটনাশক উদ্ধার করা হয়।
বিজিবি জানিয়েছে, উদ্ধার করা ভারতীয় পণ্যগুলো বিধি অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তবে এসব পণ্য সীমান্তের কোন পথ দিয়ে এবং কার মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) আরও জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান ও নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতীয় পণ্য প্রবেশ ঠেকাতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
উল্লেখ্য, দুই অভিযানের কোনোটিতেই চোরাচালানের সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *