জীবননগর সীমান্তে মাদকের বড় চালান আটক, মদ-সিরাপ-গাঁজাসহ মেদিনীপুরের রাসেল গ্রেপ্তার

জীবননগর অফিস:
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ, সিরাপ ও গাঁজাসহ মো. টিটন রাসেল (২৪) নামে এক যুবককে আটক করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। এ সময় তার কাছ থেকে ৩৪ বোতল ভারতীয় মদ, ১৬৮ বোতল সিরাপ ও ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে জীবননগর উপজেলার মেদিনীপুর সীমান্তের শুকুর আলীর পুকুরের পাশ থেকে তাকে আটক করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, মেদিনীপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৬৩/৪-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাদকদ্রব্যের একটি চালান অবস্থানের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। দুপুর আনুমানিক ২টা ৫০ মিনিটে নায়েব সুবেদার মো. লুৎফর রহমানের নেতৃত্বে বিজিবির একটি দল সেখানে অভিযান চালায়। অভিযানের সময় ঘটনাস্থল থেকে টিটন রাসেলকে আটক করা হয়।
আটক টিটন রাসেল জীবননগর উপজেলার মেদিনীপুর গ্রামের আলিহীম মন্ডলের ছেলে। পরে তার কাছ থেকে ৩৪ বোতল ভারতীয় মদ, ১৬৮ বোতল সিরাপ ও ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
মাদকবিরোধী অভিযান আরও জোরদারের ঘোষণা
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান বলেন, “সীমান্ত দিয়ে মাদকদ্রব্যের প্রবেশ ও চোরাচালান ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে। মাদক কারবারের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে এবং কোনোভাবেই মাদক কারবারিদের ছাড় দেওয়া হবে না।”
তিনি আরও বলেন, “সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। স্থানীয় জনগণের সহযোগিতা পেলে সীমান্তকে মাদক ও চোরাচালানমুক্ত রাখতে আরও কার্যকরভাবে অভিযান পরিচালনা করা সম্ভব হবে।”
বিজিবি জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উদ্ধার করা মাদকদ্রব্যসহ তাকে চুয়াডাঙ্গার জীবননগর থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) আরও জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত সুরক্ষা ও মাদক পাচার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *