বিশেষ প্রতিনিধি:
চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে বুপ্রেনরফাইন ইনজেকশন ও গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চুয়াডাঙ্গার তথ্যমতে, গত ২১ আগস্ট বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত চুয়াডাঙ্গা সদর ও জীবননগর থানার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে মো. রজব আলী (৪৫), মো. সুজন আলী (৩৮), মো. ফারুক (২৮) ও মো. আইনুল হক (৩২)কে আটক করা হয়। এ সময় রজব আলীর কাছ থেকে বুপ্রেনরফাইন ইনজেকশনের তিনটি অ্যাম্পুল, সুজন আলীর কাছ থেকে একটি এবং ফারুকের কাছ থেকে একটি অ্যাম্পুল উদ্ধার করা হয়। অপর অভিযানে আইনুল হকের কাছ থেকে পাঁচ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পরে জেলা প্রশাসকের কার্যালয়, চুয়াডাঙ্গার নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম. আসিস মোমতাজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে রজব আলীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড, সুজন আলীকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড এবং ফারুককে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এছাড়া আইনুল হককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ কেনাবেচা প্রতিরোধে চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান ও আইনানুগ কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।