আবু সাইদ শওকত আলী,ঝিনাইদহ:-
ঝিনাইদহের শৈলকুপায় প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত সাবেক ইউপি সদস্য ইলিয়াস হোসেন (৬০) মারা গেছেন। সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে শৈলকুপা পৌরসভার মালিপাড়া এলাকায় উপজেলার খন্দকবাড়িয়া গ্রামের সাবেক ইউপি সদস্য ইলিয়াস হোসেনের ছেলে রিসালাত হোসেনের সঙ্গে চতুড়া গ্রামের মাজেদুল ইসলামের তর্ক-বিতর্ক ও হাতাহাতির ঘটনা ঘটে।
এরই জের ধরে একই দিন বিকেলে শৈলকুপা শহরের হাজি মার্কেট এলাকায় ইলিয়াস হোসেনের ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় তাকে মারধর করে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালে কয়েক দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার সন্ধ্যায় ইলিয়াস হোসেনের মৃত্যু হয়।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, “ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।”
ইলিয়াস হোসেনের মৃত্যুর ঘটনায় এলাকায় শোক ও উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।