জীবননগরে র‍্যাবের অভিযানে ৯৭ বোতল স্ক্যার্ফ সিরাপসহ গ্রেপ্তার ২

জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৯৭ বোতল নেশাজাতীয় স্ক্যার্ফ সিরাপ ও একটি মোটরসাইকেলসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব-১২। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা আড়াইটার দিকে উপজেলার সীমান্ত ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদরপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. রাজু আহমেদ (২৫) ও মো. মনিরুজ্জামান ওরফে মনির (২৩)।
র‍্যাব-১২-এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি (সিপিসি-৩), মেহেরপুরের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। র‍্যাবের দেওয়া তথ্য অনুযায়ী, অধিনায়ক র‍্যাব-১২, সিরাজগঞ্জের নির্দেশনায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সদরপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন ওই দুই যুবককে আটক করে তাদের কাছ থেকে ৯৭ বোতল নেশাজাতীয় স্ক্যার্ফ সিরাপ এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিদের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তারা দীর্ঘদিন ধরে গোপনে মাদকদ্রব্য সংগ্রহ ও বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন বলে র‍্যাবের দাবি।
তবে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে আদালতে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
এ ঘটনায় গ্রেপ্তার দুই যুবকের বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা শেষে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।
র‍্যাব-১২, সিপিসি-৩, মেহেরপুর জানিয়েছে, মাদকদ্রব্যের বিস্তার রোধে তাদের অভিযান অব্যাহত থাকবে। মাদকবিরোধী কার্যক্রমের মাধ্যমে মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *