দর্শনায় আন্তর্জাতিক রেলওয়ে স্টেশনে নতুন স্টেশন মাস্টারের যোগদান নিয়ে উত্তেজনা

মোঃ হুমায়ুন কবির:
চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে স্টেশনে নতুন স্টেশন মাস্টারের যোগদানকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। গত বুধবার সন্ধ্যায় স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যার দিকে মামুনুর রশিদ নামে এক কর্মকর্তা নতুন স্টেশন মাস্টার হিসেবে দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে স্টেশনে যোগদান করতে আসেন। এ সময় স্থানীয় কয়েকজন ব্যক্তি তাঁকে যুবলীগের নেতা হিসেবে অভিযোগ তুলে যোগদানে বাধা দেন। পরিস্থিতির কারণে মামুনুর রশিদ সেদিন যোগদান না করেই স্টেশন এলাকা ত্যাগ করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যবসায়ী অভিযোগ করে বলেন, মামুনুর রশিদ আওয়ামী লীগের দোসর এবং যুবলীগের তালিকাভুক্ত নেতা। তাঁকে দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে স্টেশনে যোগদান করতে দেওয়া হবে না বলেও দাবি করেন তিনি। ওই ব্যবসায়ী রেল কর্তৃপক্ষের কাছে মামুনুর রশিদকে অন্যত্র বদলির দাবি জানান।তবে নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন মামুনুর রশিদ। তিনি বলেন,“আমাকে মিথ্যাভাবে অপবাদ দেওয়া হচ্ছে। আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নই।
এটি পরিকল্পিতভাবে করানো হচ্ছে। এর সঙ্গে দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার নাজমা ইয়াসমিন জড়িত আছেন। অভিযোগের বিষয়ে দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার নাজমা ইয়াসমিন বলেন, “সরকারি আদেশের বাইরে আমার কাজ করার কোনো সুযোগ নেই। তিনি যোগদান করবেন, এতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে, তা সঠিক নয়।
তিনি আরও বলেন,“রেলইয়ার্ডের ভেতরে তাঁকে কেউ মারধর বা হুমকি দিয়েছে—এ ধরনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।এ বিষয়ে দর্শনা রেলওয়ে নিরাপত্তা বাহিনী সার্কেলের ইন্সপেক্টর মো. আলতাফ হোসেন বলেন, দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে স্টেশনে নতুন স্টেশন মাস্টার মামুনুর রশিদের যোগদানের বিষয়টি তিনি অবগত আছেন। তবে মারধরের কোনো ঘটনার বিষয়ে তিনি জানেন না। তিনি আরও জানান,রেলইয়ার্ডের ভেতরে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি বলে তাঁর কাছে তথ্য রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *