তারেক রহমানের রাজনৈতিক সহকারী হওয়ায় রাশেদ খানকে গণসংবর্ধনা মুরারিদহে উৎসবমুখর পরিবেশ, ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান

আবু সাইদ শওকত আলী,ঝিনাইদহ:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী হিসেবে দায়িত্ব পাওয়ায় রাশেদ খানকে গণসংবর্ধনা দিয়েছেন ঝিনাইদহের মুরারিদহ গ্রামবাসী। শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে মুরারিদহ গ্রামে আয়োজিত এ সংবর্ধনা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলা বিএনপির সহ-সভাপতি আক্তারুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ।

এ ছাড়া ঝিনাইদহ সদর উপজেলা বিএনপির সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আঃ মজিদ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু, পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শামসুজ্জামান লাকি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান শেখর, জেলা যুবদলের সভাপতি আহসান হাবিব রনক, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু, জেলা জাসাসের সাধারণ সম্পাদক কামরুজ্জামান লিটন, জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন, সাধারণ সম্পাদক শাহারিয়ার রাসেল, জিয়া পরিষদের সভাপতি মাওলানা কামাল উদ্দীনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মুরারিদহ গ্রামের সর্বস্তরের মানুষ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে গ্রামবাসীর পক্ষ থেকে রাশেদ খানকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে তাঁকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ তাঁর নতুন দায়িত্বপ্রাপ্তিতে আনন্দ প্রকাশ করে বলেন, রাশেদ খানের এই অর্জন মুরারিদহ গ্রামের জন্য যেমন গৌরবের, তেমনি ঝিনাইদহবাসীর জন্যও অত্যন্ত আনন্দের।

বক্তারা বলেন, একজন যোগ্য ও নিষ্ঠাবান ব্যক্তি হিসেবে রাশেদ খান প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে দায়িত্ব পাওয়ায় তাঁরা গর্বিত। সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে তিনি দেশ ও জনগণের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

সংবর্ধনার জবাবে রাশেদ খান বলেন, “মুরারিদহবাসী আমাকে যে ভালোবাসা, সম্মান ও আন্তরিকতা দিয়ে বরণ করে নিয়েছেন, তা আমার জন্য অত্যন্ত আবেগ ও গর্বের। আপনাদের এই ভালোবাসা আমাকে ভবিষ্যতে আরও দায়িত্বশীল ও নিষ্ঠার সঙ্গে কাজ করার অনুপ্রেরণা জোগাবে।”

তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমার ওপর যে আস্থা ও বিশ্বাস রেখে আমাকে এই দায়িত্ব দিয়েছেন, আমি সর্বোচ্চ সততা ও নিষ্ঠার সঙ্গে সেই আস্থার মর্যাদা রাখার চেষ্টা করব। দেশের মানুষ ও দলের নেতাকর্মীদের কল্যাণে কাজ করাই হবে আমার অন্যতম প্রধান লক্ষ্য।”

রাশেদ খান আরও বলেন, “আমি মনে করি, কোনো দায়িত্বই ব্যক্তিগত অর্জন নয়; এর সঙ্গে মানুষের প্রত্যাশা ও দায়িত্ববোধ জড়িয়ে থাকে। তাই আপনাদের ভালোবাসাকে সঙ্গে নিয়ে মানুষের পাশে থেকে কাজ করতে চাই। এই দায়িত্ব সঠিকভাবে পালনের জন্য মুরারিদহবাসীসহ ঝিনাইদহের সর্বস্তরের মানুষের দোয়া, সহযোগিতা ও পরামর্শ কামনা করছি।”

তিনি আরও বলেন, “আমার প্রতি আপনারা যে আস্থা ও ভালোবাসা দেখিয়েছেন, আমি কাজের মাধ্যমে তার প্রতিদান দেওয়ার চেষ্টা করব। দেশ ও দলের স্বার্থে যে দায়িত্বই দেওয়া হোক, তা আন্তরিকতার সঙ্গে পালন করব।”

অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথি ও গ্রামবাসীর মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। পরে দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ এবং রাশেদ খানের উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *