আবু সাইদ শওকত আলী,ঝিনাইদহ:
নানা আয়োজনের মধ্য দিয়ে ঝিনাইদহে অনলাইন সংবাদমাধ্যম সবুজ বাংলা টিভির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে ঝিনাইদহ পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঝিনাইদহ প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। পরে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সবুজ বাংলা টিভির প্রতিষ্ঠাতা ও ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদ ।
এ সময় সবুজ বাংলা টিভির সাংবাদিক ও প্রতিনিধিদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, অতিথি ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও নিরপেক্ষ সাংবাদিকতার মাধ্যমে সাধারণ মানুষের কথা তুলে ধরার পাশাপাশি সমাজের ইতিবাচক পরিবর্তনে গণমাধ্যমকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। মানুষের কাছে সঠিক, নির্ভরযোগ্য ও সময়োপযোগী তথ্য পৌঁছে দিতে গণমাধ্যমকর্মীদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তারা।
সভায় সাংবাদিকতার বিভিন্ন দিক, গণমাধ্যমের দায়িত্ব ও জনস্বার্থে সংবাদ পরিবেশনের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।
আলোচনা সভা শেষে অতিথি, সাংবাদিক ও শুভানুধ্যায়ীদের অংশগ্রহণে কেক কেটে সবুজ বাংলা টিভির ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।