জীবননগর অফিস:
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় কৃষকদের উৎপাদিত পেঁয়াজ সংরক্ষণে সহায়তার লক্ষ্যে ৩০টি এয়ার-ফ্লো মেশিন বিতরণ করা হয়েছে। আধুনিক এই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সংরক্ষণকালীন পেঁয়াজের পচন ও অপচয় কমানোর পাশাপাশি কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য প্রাপ্তির সুযোগ বাড়বে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে জীবননগর উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিত কৃষকদের হাতে এসব এয়ার-ফ্লো মেশিন তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া সুলতানা এ্যানি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফ।
বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিদায়ী উপপরিচালক মো. মাসুদুর রহমান সরকার, নবাগত উপপরিচালক মো. নুরুল ইসলাম এবং অতিরিক্ত উপপরিচালক (পিপি) মিঠু চন্দ্র অধিকার।
প্রধান অতিথির বক্তব্যে শরীফুজ্জামান শরীফ বলেন, পেঁয়াজ উৎপাদনের পর যথাযথভাবে সংরক্ষণ করতে না পারায় কৃষকদের বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হয়। সংরক্ষণ ব্যবস্থার উন্নয়ন করা গেলে পেঁয়াজের অপচয় কমানো এবং বাজারে সরবরাহের সময় নিয়ন্ত্রণের মাধ্যমে কৃষকরা তুলনামূলক ভালো দাম পাওয়ার সুযোগ পাবেন।
তিনি বলেন, “এয়ার-ফ্লো মেশিন ব্যবহারের মাধ্যমে পেঁয়াজ দীর্ঘসময় সংরক্ষণ করা সম্ভব হবে। এতে কৃষকরা প্রয়োজন অনুযায়ী সংরক্ষিত পেঁয়াজ বাজারজাত করতে পারবেন এবং ফসলের অপচয় কমবে।”
তিনি আরও বলেন, কৃষির উৎপাদনশীলতা বাড়ানোর পাশাপাশি কৃষকের উৎপাদন খরচ কমানো ও উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো প্রয়োজন। কৃষকের স্বার্থে কৃষি বিভাগ, প্রশাসন ও সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মঈন উদ্দীন ময়েন, সীমান্ত ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাদল, যুবদল নেতা আক্তারুজ্জামান আক্তার ও হাসানুজ্জামান হাসান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব একলাছুর রহমান রাসেল, সাইদুর রহমান, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব রিমনসহ উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় কৃষকরা।
কৃষি বিভাগের উদ্যোগে বিতরণ করা এসব এয়ার-ফ্লো মেশিন পেঁয়াজ সংরক্ষণে কৃষকদের আধুনিক প্রযুক্তির সঙ্গে যুক্ত করার পাশাপাশি সংরক্ষণজনিত ক্ষতি কমাতে ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।