ঝিনাইদহে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগে হাসপাতাল সিলগালা

আবু সাইদ শওকত আলী,ঝিনাইদহ:

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজারে নিউ গরীবশাহ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ভুল চিকিৎসায় শিল্পী বেগম নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগে একটি প্রাইভেট ক্লিনিক সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় হাসপাতালের মালিককে ১ লাখ টাকা জরিমানা করে।

সোমবার (৭ সেপ্টেম্বর) এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ। 

ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, গত রোববার সকালে ওই ক্লিনিকে উপজেলার সাতগাছিয়া গ্রামের ইয়ার আলীর স্ত্রী শিল্পী বেগমের সিজারিয়ান অপারেশন করা হয়। এসময় শিল্পী বেগম অপারেশন থিয়েটারে মারা যান। তবে মৃত নারীর গর্ভ থেকে অপারেশনের মাধ্যমে নবজাতককে জীবিত বের করেন চিকিৎসকরা।

ওই ঘটনায় নিহত নারীর স্বজনরা ক্লিনিক কর্তৃপক্ষ ও চিকিৎসকদের বিরুদ্ধে অবেহলা ও ভুল চিকিৎসার অভিযোগ করেন। এ নিয়ে উপজেলা জুড়ে আলোড়ন সৃষ্টি হয়।

পরে ঘটনা জানতে পেরে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ সোমবার দুপুরে বেঁচে যাওয়া শিশুটিকে দেখতে তার নানা বাড়িতে উপস্থিত হন। এসময় ইউএনও রেজওয়ানা নাহিদ বলেন, সোমবার দুপুরে ক্লিনিকটিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় ক্লিনিকটি সিলগালা ও ১ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *