জীবননগরে ইয়াবা-গাঁজা উদ্ধার, দুই আসামির কারাদণ্ড

জীবননগর অফিস:

চুয়াডাঙ্গার জীবননগরে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজা উদ্ধারের ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হলে আদালত পৃথক মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয় সূত্রে জানা যায়, গত ১১ সেপ্টেম্বর সকাল ৫টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জীবননগর থানার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় মো. আরিফ ইসলাম (৩৪) ও মো. আবু রায়হান ওরফে রাহেল (৪৩) নামে দুজনকে মাদকদ্রব্যসহ আটক করা হয়।
অভিযানে মো. আরিফ ইসলামের কাছ থেকে ১০ পিস ইয়াবা এবং মো. আবু রায়হান ওরফে রাহেলের কাছ থেকে ৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আরিফ ইসলাম জীবননগর বাজারপাড়ার ৬ নম্বর ওয়ার্ডের মো. আতিয়ার রহমানের ছেলে। অপর আসামি আবু রায়হান ওরফে রাহেল জীবননগর পোস্ট অফিসপাড়ার ৭ নম্বর ওয়ার্ডের আব্দুল মান্নানের ছেলে।
উদ্ধার হওয়া মাদকদ্রব্যের ঘটনায় তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা ও আইনগত কার্যক্রম গ্রহণ করা হয়। পরে মামলাটি চুয়াডাঙ্গার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতে বিচারাধীন অবস্থায় নিষ্পত্তি হয়।
আদালতের রায়ে মো. আরিফ ইসলামকে ১ বছরের সশ্রম কারাদণ্ড এবং ২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
অপর আসামি মো. আবু রায়হান ওরফে রাহেলকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের উপপরিচালকের পক্ষ থেকে অভিযানের তথ্য ও আদালতের দণ্ডাদেশের বিষয়টি জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *