পৃথক অভিযানে ভারতীয় মদ,ওষুধ, ভায়াগ্রা ও কীটনাশক জব্দ
শহিদুল ইসলাম,মহেশপুর (ঝিনাইদহ):
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার প্রস্তুতিকালে হিজড়া সম্প্রদায়ের ছয়জনকে আটক করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। একই সময় সীমান্তের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় মদ, ওষুধ, ভায়াগ্রা ট্যাবলেট ও কীটনাশকসহ বিভিন্ন চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি।
সোমবার (১৫ সেপ্টেম্বর) ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজিবি সূত্রে জানা যায়, ১৫ সেপ্টেম্বর ভোর আনুমানিক ৭টার দিকে বাঘাডাংগা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বাজারপাড়ার একটি মেহগনি বাগানে বিশেষ টহল পরিচালনা করছিল বিজিবি সদস্যরা। এ সময় সীমান্ত পিলার ৬০/৭৫-আর থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কয়েকজনকে সন্দেহজনকভাবে অবস্থান করতে দেখা যায়। পরে তাদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করে ভারতে অবৈধভাবে প্রবেশের প্রস্তুতিকালে হিজড়া সম্প্রদায়ের ছয়জনকে আটক করা হয়।
বিজিবি জানিয়েছে, আটক ছয়জনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে, এর আগের রাতে সীমান্তের বিভিন্ন বিওপি এলাকায় চোরাচালানবিরোধী পৃথক অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করে ৫৮ বিজিবি।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৪ সেপ্টেম্বর রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে মাটিলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার শ্মশানঘাট থেকে ২২ বোতল ভারতীয় মদ ও ২ হাজার পিস ভারতীয় ওষুধ উদ্ধার করা হয়।
একই দিন সন্ধ্যায় গয়েশপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার গোয়ালপাড়া গ্রামে অভিযান চালিয়ে ৯৭ প্যাকেট ভারতীয় কীটনাশক জব্দ করা হয়। পরে উথলী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সন্তোষপুর গ্রামে পৃথক অভিযানে আরও ১৩২ প্যাকেট ভারতীয় কীটনাশক উদ্ধার করা হয়।
এ ছাড়া রাত পৌনে ১টার দিকে মাধবখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার একটি আমবাগানে অভিযান চালিয়ে ৩৮৮ পিস ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করে বিজিবি।
বিজিবি সূত্র আরও জানায়, এসব অভিযানে ভারতীয় মদ, ওষুধ, কীটনাশক ও ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হলেও চোরাচালানের সঙ্গে জড়িত কোনো ব্যক্তিকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার করা পণ্যগুলো জব্দ করে বিধি অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে ৫৮ বিজিবির নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।