ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানার স্বীকৃতি পেল মহেশপুর থানা

শহিদুল ইসলাম,মহেশপুর (ঝিনাইদহ):

আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জনসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানার মর্যাদা অর্জন করেছে মহেশপুর থানা। জেলা পুলিশের মাসিক মূল্যায়নের ভিত্তিতে মহেশপুর থানাকে এ স্বীকৃতি দেওয়া হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) ঝিনাইদহ পুলিশ লাইন্সে আয়োজিত মাস্টার প্যারেড ও মাসিক কল্যাণ সভায় মহেশপুর থানাকে জেলার শ্রেষ্ঠ থানা হিসেবে ঘোষণা করা হয়। অনুষ্ঠানের শুরুতে সালামী গ্রহণ ও পরিদর্শন করেন ঝিনাইদহ জেলার পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন্ হাছান, পিপিএম-সেবা।
অনুষ্ঠানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন, মাদক ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে কার্যকর অভিযান, জনসাধারণকে সেবা প্রদান এবং পুলিশের পেশাগত দায়িত্ব পালনে দক্ষতার বিভিন্ন দিক বিবেচনায় মহেশপুর থানাকে জেলার শ্রেষ্ঠ থানা হিসেবে নির্বাচিত করা হয়।
সাফল্যের স্বীকৃতিস্বরূপ পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন্ হাছান মহেশপুর থানা পুলিশের প্রতিনিধিদের হাতে সম্মাননা স্মারক (ক্রেস্ট) ও নগদ অর্থ পুরস্কার তুলে দেন।
জেলা পুলিশের এ স্বীকৃতিতে মহেশপুর থানা পুলিশের সদস্যদের মধ্যে উৎসাহ ও কর্মচাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের স্বীকৃতি পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে আরও উৎসাহিত করবে এবং সাধারণ মানুষের নিরাপত্তা ও সেবার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে ঝিনাইদহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
মহেশপুর থানা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং সাধারণ মানুষের কাছে পুলিশি সেবা সহজলভ্য করার লক্ষ্যে তারা নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে। জেলার শ্রেষ্ঠ থানার স্বীকৃতি ভবিষ্যতে আরও দায়িত্বশীল ও পেশাদারভাবে দায়িত্ব পালনে পুলিশ সদস্যদের অনুপ্রাণিত করবে।
মহেশপুর থানা পুলিশের সদস্যদের নিরলস পরিশ্রম, দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের ফল হিসেবেই এ অর্জন এসেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *