জীবননগর আন্দুলবাড়ীয়া কলেজে এডহক কমিটি অনুমোদন বাবু সভাপতি হাসানুজ্জামান সম্পাদক

ছয় মাসের মধ্যে নিয়মিত গভর্নিং বডি গঠনের নির্দেশ

জীবননগর অফিস:

অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া কলেজের নিয়মিত গভর্নিং বডি গঠনের লক্ষ্যে ছয় মাসের জন্য এডহক কমিটি অনুমোদন দিয়েছে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মো.কবুয়াত আলী বিশ্বাস স্বাক্ষরিত এক অফিস আদেশে এ অনুমোদনের বিষয়টি জানানো হয়।

বোর্ডের স্মারক নম্বর ৩৭.১১.৪০৪১.৪৪১.১১.০০১.২০.২৫৯৯ অনুযায়ী, “মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড,যশোর (মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা, ২০২৪”-এর ধারা-৬৪ অনুসারে পত্র জারির তারিখ থেকে অনধিক ছয় মাসের জন্য এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

অনুমোদিত কমিটিতে সাইদুর রহমান বাবুকে সভাপতি,মো. হাসানুজ্জামানকে সাধারণ শিক্ষক সদস্য এবং মোল্লা মনিরুজ্জামানকে অভিভাবক সদস্য করা হয়েছে। কলেজের অধ্যক্ষ পদাধিকারবলে কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

অফিস আদেশে বলা হয়েছে,এডহক কমিটিকে নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট প্রবিধানমালা অনুসরণ করে আন্দুলবাড়ীয়া কলেজের নিয়মিত গভর্নিং বডি গঠনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

এতে আরও উল্লেখ করা হয়,শিক্ষা মন্ত্রণালয়ের ১২ এপ্রিল ২০১১ তারিখের শিম/শাঃ১১/১০-১১/২০০৯/১৭১ নম্বর স্মারকের নির্দেশনা অনুযায়ী অনুমোদিত এডহক কমিটি কোনোভাবেই কলেজে শিক্ষক বা কর্মচারী নিয়োগ দিতে পারবে না।

এ ছাড়া প্রয়োজনীয় ক্ষেত্রে অনুমোদিত এডহক কমিটিতে পরিবর্তন আনার ক্ষমতা বোর্ড কর্তৃপক্ষ সংরক্ষণ করেছে।

জানা গেছে,নিয়মিত গভর্নিং বডি গঠনের লক্ষ্যে এর আগে গত ২ জুন ২০২৬ তারিখে বোর্ডের ৩৭.১১.৪০৪১.৪৪১.১১.০০১.২০.২৪৬৬ নম্বর স্মারকে প্রয়োজনীয় অনুমতি দেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে ৭ সেপ্টেম্বরের আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়।

বোর্ডের এ সিদ্ধান্তের অনুলিপি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ,মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর,চুয়াডাঙ্গার জেলা প্রশাসক,জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা,জেলা শিক্ষা কর্মকর্তা, সংশ্লিষ্ট ব্যাংক, এডহক কমিটির সভাপতি এবং বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

এডহক কমিটি অনুমোদনের ফলে আন্দুলবাড়ীয়া কলেজের নিয়মিত গভর্নিং বডি গঠনের প্রক্রিয়া এগিয়ে গেল। নির্ধারিত ছয় মাসের মধ্যে বিধিমালা অনুযায়ী নিয়মিত গভর্নিং বডি গঠনের কার্যক্রম সম্পন্ন করার নির্দেশনা রয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *