পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার ও মশক নিধনে সমন্বিত উদ্যোগের আহ্বান
জীবননগর অফিস:
দেশব্যাপী ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় ডেঙ্গু প্রতিরোধে বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে সরকার। এরই ধারাবাহিকতায় চুয়াডাঙ্গার জীবননগরে ডেঙ্গু ও মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে করণীয় নির্ধারণ এবং সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম জোরদারের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় জীবননগর উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সরকারি দপ্তর, স্বাস্থ্য বিভাগ, শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের সমন্বয়ে ডেঙ্গু প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।
সভায় জানানো হয়, সরকার আগামী ১২ সেপ্টেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে বিশেষ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে। এ কর্মসূচির আওতায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ব্যক্তিদের নিজ নিজ এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা, মশার প্রজননস্থল ধ্বংস করা এবং জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
আলোচনায় ডেঙ্গুর বাহক এডিস মশার বংশবিস্তারের অনুকূল পরিবেশ সম্পর্কে জনসচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে বাড়ির আঙিনা, ছাদ, নির্মাণাধীন ভবন, পরিত্যক্ত পাত্র, ড্রাম, টব, ডাবের খোসা, টায়ারসহ যেসব স্থানে পানি জমে থাকতে পারে, সেসব স্থান নিয়মিত পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও জনসমাগমস্থলে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় বক্তারা বলেন, শুধু প্রশাসন বা স্বাস্থ্য বিভাগের একক উদ্যোগে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। ডেঙ্গু প্রতিরোধে সরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। এ জন্য নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
সভায় সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া সুলতানা এ্যানি। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেখার রহমান, উপজেলা কৃষি অফিসার আলমগীর হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুল জব্বার, উপজেলা সমবায় অফিসার নূর আলম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ইভা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুশফিকুর রহমান।
এছাড়া সভায় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকন, সাধারণ সম্পাদক শাহজাহান আলী, জীবননগর পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. শফিউদ্দিন শফি, জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. রিপন হোসেনসহ উপজেলা পরিষদের সংশ্লিষ্ট সদস্য, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা।
সভায় ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা, মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে তা ধ্বংস করা, জনসচেতনতামূলক প্রচার বাড়ানো এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার বিষয়েও জনসচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়।