আবু সাইদ শওকত আলী,ঝিনাইদহ:-
বাংলাদেশ জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগের ‘পুরোনো প্রেম’ আবার জেগে উঠেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে ঝিনাইদহ জেলা শহরের নতুন হাটখোলা মসজিদে জুমার নামাজ শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
এর আগে শুক্রবার সকালে ঝিনাইদহ সফরে এসে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে গিয়ে রাশেদ খাঁন বলেন, জামায়াতে ইসলামী যে ‘অযৌক্তিক লংমার্চ’ কর্মসূচি পালন করছে, সরকার তাতে কোনো বাধা দিচ্ছে না।
আওয়ামী লীগ সরকারের সময়ে বিএনপির নেতাকর্মীরা সবচেয়ে বেশি নির্যাতন, গুম ও হত্যার শিকার হয়েছেন দাবি করে রাশেদ খাঁন বলেন, বিএনপি আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনতে চাইবে—এমনটি হওয়ার কথা নয়।
নির্বাচনে অনিয়মের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, কোনো ধরনের ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ হয়ে থাকলে তা জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পক্ষেই হয়েছে বলে তিনি মনে করেন। তার দাবি, সাধারণ মানুষ মনে করে না যে জামায়াতের আমীর ডা.শফিকুর রহমান ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জনগণের প্রকৃত ভোটে জয়ী হয়ে জাতীয় সংসদে গেছেন।
দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ প্রসঙ্গে রাশেদ খাঁন বলেন, বিএনপি দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। অন্যদিকে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে আওয়ামী লীগের লোকজনকে ‘প্রটেকশন’ দিয়ে চাঁদাবাজির সুযোগ করে দেওয়ার অভিযোগ রয়েছে।
তিনি আরও বলেন, বিএনপির কোনো নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ উঠলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। কোনো ধরনের অন্যায়-অনিয়মকে প্রশ্রয় দেওয়া হচ্ছে না। সম্প্রতি ঝিনাইদহের একটি সড়কের কাজে অনিয়মের অভিযোগ ওঠার পরও তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।
রাশেদ খাঁন অভিযোগ করেন, দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে দিল্লি থেকে শেখ হাসিনা যে ভাষায় কথা বলছেন, জামায়াতের আমীরও একই ভাষায় কথা বলছেন। এমনকি ছাত্রলীগ ও ইসলামী ছাত্রশিবিরের নেতাদের বক্তব্যের মধ্যেও বর্তমানে কোনো পার্থক্য নেই বলেও মন্তব্য করেন তিনি।
দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, দুটি দলের ‘অপতৎপরতা’ সামাল দিয়েই সরকারকে দেশ পরিচালনা করতে হচ্ছে। তাই দেশকে অস্থিতিশীল করার অপতৎপরতা বন্ধ করে সরকারকে সহযোগিতা করার জন্য জামায়াতে ইসলামীর প্রতি আহ্বান জানান তিনি। এ সময় ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক আব্দুল মজিদসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন