জীবননগর গয়েশপুর সীমান্তে বিজিবির অভিযান: দেশি পিস্তল, গুলি ও ৭৮ বোতল এসকাফ সিরাপ উদ্ধার

জীবননগর অফিস:
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে অভিযান চালিয়ে একটি দেশীয় পিস্তল, দুই রাউন্ড গুলি ও ৭৮ বোতল আমদানি নিষিদ্ধ এসকাফ সিরাপ উদ্ধার করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে এক চোরাকারবারি সীমান্ত অতিক্রম করে ভারতে পালিয়ে যায়।

সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে জীবননগর থানার গয়েশপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান চালানো হয়। পরে সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান।

বিজিবি জানায়, ৫৮ বিজিবির আওতাধীন গয়েশপুর বিওপির হাবিলদার মো. ইছাব্বর আলীর নেতৃত্বে একটি টহল দল সীমান্ত পিলার ৬৭/২-এস থেকে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গয়েশপুর গ্রামের কুলোপাড়া গোয়ালদারের পুকুরের দক্ষিণ পাড়ের একটি আমবাগানে অবস্থান করছিল।

এ সময় বিজিবির টহল দল এক ব্যক্তিকে চোরাচালানের উদ্দেশ্যে অবস্থান করতে দেখে ধাওয়া করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি একটি লাল প্লাস্টিকের নেটের বস্তা ফেলে সীমান্তের শূন্যলাইন অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।

পরে বিজিবি সদস্যরা ফেলে যাওয়া বস্তাটি তল্লাশি করে ৭৮ বোতল আমদানি নিষিদ্ধ এসকাফ সিরাপ উদ্ধার করেন। একই বস্তার ভেতরে স্কচটেপ দিয়ে মোড়ানো সবুজ পলিথিনের একটি ব্যাগ থেকে একটি দেশীয় পিস্তল ও দুই রাউন্ড গুলিও উদ্ধার করা হয়।

উদ্ধার করা দেশীয় পিস্তল, দুই রাউন্ড গুলি ও ৭৮ বোতল এসকাফ সিরাপ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জীবননগর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *