ঝিনাইদহ প্রতিনিধি:
‘ডিজিটাল যুগে অপতথ্য রুখতে তথ্যপ্রকাশ নিয়ন্ত্রণ নয়, চাই অবাধ তথ্যে অভিগম্যতা’—এই স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস ২০২৬ উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় শহরের আজাদ রেস্ট হাউজের সামনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটি (সনাক), ঝিনাইদহের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে স্বাগত বক্তব্য দেন সনাক ঝিনাইদহের সহ-সভাপতি নাসরিন ইসলাম। টিআইবির ধারণাপত্র পাঠ করেন ইয়েস সহ-দলনেতা ফারদিন আহমেদ মারুফ। ধারণাপত্রের সুপারিশমালা তুলে ধরেন ইয়েস সদস্য মো. ফয়সাল হোসেন। পরে সনাক সভাপতি এন. এম. শাহজালাল মানববন্ধনের সমাপ্তি ঘোষণা করেন।
মানববন্ধন শেষে সনাক কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য দেন সনাক সদস্য মো. আবু তাহের। বক্তব্য দেন স্থানীয় তরুণ সংগঠনের প্রতিনিধি জাহিদুজ্জামান জনি, ভূমি বিষয়ক এসিজি সমন্বয়ক নাজমুল আলম রিগান, ইয়েস সদস্য মো. ইসরাফিল, ইয়েস সহ-দলনেতা ফারদিন আহমেদ মারুফ, সনাক সদস্য এম. সাইফুল মাবুদ এবং সনাক সহ-সভাপতি মো. আবু রাশেদ।
বক্তারা বলেন, অপতথ্য ও গুজব প্রতিরোধ, গণতন্ত্র ও সুশাসন নিশ্চিত করতে তথ্যের অবাধ প্রবাহ অপরিহার্য। জনগণের তথ্য জানার অধিকার নিশ্চিত করা না গেলে স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠা বাধাগ্রস্ত হবে।
তাই তথ্যপ্রাপ্তির ক্ষেত্রে অপ্রয়োজনীয় নিয়ন্ত্রণের পরিবর্তে নাগরিকদের জন্য তথ্যের সহজ ও অবাধ প্রবেশাধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
আলোচনায় বক্তারা অবিলম্বে তথ্য কমিশন পুনর্গঠন এবং তথ্য অধিকার আইনের যুগোপযোগী সংস্কারের আহ্বান জানান। পাশাপাশি ডিজিটাল মাধ্যমে অপতথ্য ও গুজব মোকাবিলায় নাগরিকদের সচেতনতা বাড়ানো এবং সঠিক তথ্য সহজলভ্য করার ওপর গুরুত্ব দেন। আলোচনা শেষে দুর্নীতিবিরোধী শপথ বাক্য পাঠ করান সনাক সদস্য সালমা খানম। পরে সমাপনী বক্তব্য দেন সনাক সভাপতি এন. এম. শাহজালাল।
অনুষ্ঠানে সনাক, ইয়েস, এসিজি ও স্থানীয় তরুণ সংগঠনের প্রতিনিধিসহ মোট ৪৬ জন উপস্থিত ছিলেন। টিআইবি ঝিনাইদহের গণমাধ্যম যোগাযোগ কর্মসূচি বাস্তবায়ন সহকারী মো. আকিমুল ইসলাম পলাশ এসব তথ্য জানান।