জীবননগর অফিস:
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্তবর্তী এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে ভারতীয় ৪৮ বোতল সিরাপ ও ৪৩ প্যাকেট কীটনাশক জব্দ করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। গত ২৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ব্যাটালিয়নের অধীনস্থ রাজপুর ও গয়েশপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। পৃথক দুই অভিযানে জব্দ করা পণ্যের সঙ্গে সংশ্লিষ্ট কাউকে আটক করা সম্ভব হয়নি।
৫৮ বিজিবি সূত্রে জানা যায়, গত ২৯ সেপ্টেম্বর আনুমানিক সন্ধ্যা ৬টার দিকে জীবননগর উপজেলার সীমান্তবর্তী রাজপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। সীমান্ত পিলার ৭১/৯-এস থেকে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রাজাপুর গ্রামের আল আমিনের আখক্ষেতের পাশে হাবিলদার আব্দুল জলিল মোল্লার নেতৃত্বে বিজিবির একটি দল অভিযান চালায়।
অভিযানকালে ওই স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ভারতীয় ‘Win Cerex Cough Syrup’-এর ৪৮ বোতল উদ্ধার করা হয়। তবে এ সময় কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি।
অন্যদিকে, একই দিন দুপুর আনুমানিক ১টার দিকে জীবননগর উপজেলার সীমান্তবর্তী গয়েশপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে বিজিবি। সীমান্ত পিলার ৬৯-এমপি থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গয়েশপুর গ্রামের উত্তরপাড়া মাঠের জাহাঙ্গীরের আমবাগানে নায়েক মো. লুৎফরের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় আমবাগানের মধ্য থেকে পরিত্যক্ত অবস্থায় ৪৩ প্যাকেট ভারতীয় কীটনাশক উদ্ধার করা হয়। এ অভিযানেও চোরাচালানের সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
মহেশপুর ৫৮ ব্যাটালিয়ন (বিজিবির) এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, জীবননগর উপজেলার সীমান্তবর্তী এলাকাগুলোতে মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান ও নজরদারি পরিচালনা করা হচ্ছে। সীমান্ত দিয়ে অবৈধভাবে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের পণ্য প্রবেশ ও পাচার রোধে বিজিবির টহল ও অভিযান অব্যাহত রয়েছে। জব্দ করা ভারতীয় সিরাপ ও কীটনাশক পরবর্তী আইনানুগ প্রক্রিয়ার জন্য সংরক্ষণ করা হয়েছে।