জীবননগর রাজাপুর ও গয়েশপুর সীমান্তে ভারতীয় সিরাপ ও কীটনাশক উদ্ধার

আবু সাইদ শওকত আলী,ঝিনাইদহ:-

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক দুটি অভিযানে ৪৮ বোতল ভারতীয় কফ সিরাপ ও ৪৩ প্যাকেট ভারতীয় কীটনাশক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, গত ২৯ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টার দিকে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীন  চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার রাজাপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। সীমান্ত পিলার ৭১/৯-এস থেকে প্রায় ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রাজাপুর গ্রামের আল আমিনের আখক্ষেতের পাশে হাবিলদার আব্দুল জলিল মোল্লার নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ৪৮ বোতল ভারতীয় ‘Win Cerex Cough Syrup’ উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

অপরদিকে, একই দিন দুপুর ১টার দিকে একই উপজেলার  গয়েশপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালায় বিজিবি। সীমান্ত পিলার ৬৯-এমপি থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গয়েশপুর গ্রামের উত্তরপাড়া মাঠের জাহাঙ্গীরের আমবাগানে নায়েক মো. লুৎফরের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ৪৩ প্যাকেট ভারতীয় কীটনাশক উদ্ধার করা হয়। এ ঘটনাতেও কাউকে আটক করা যায়নি।

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার করা মালামালের বিষয়ে বিধি অনুযায়ী পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *