বল স্যান্ডেলের ওপর পড়াকে কেন্দ্র করে গলা চেপে ধরারও অভিযোগ,থানায় লিখিত অভিযোগ
জীবননগর অফিস:
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার করিমপুরে ফুটবল খেলার সময় বল স্যান্ডেলের ওপর পড়াকে কেন্দ্র করে ৯ বছরের এক শিশুকে মারধর ও গলা চেপে ধরে মাটিতে আছাড় দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির বাবা মো. ইউসুফ আলী (৪৮) জীবননগর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত শুক্রবার (২ অক্টোবর) বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে করিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় কয়েকজন সহপাঠীর সঙ্গে ফুটবল খেলছিল ইউসুফ আলীর ৯ বছর বয়সী ছেলে নুর মোহাম্মদ। খেলার একপর্যায়ে একটি ফুটবল করিমপুর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে মিরাজ হোসেনের (২৫) স্যান্ডেলের ওপর গিয়ে পড়ে।
এ ঘটনাকে কেন্দ্র করে মিরাজ হোসেন শিশুটিকে এলোপাতাড়ি মারধর করেন বলে অভিযোগ করেছেন তার বাবা। অভিযোগে আরও বলা হয়, একপর্যায়ে মিরাজ শিশুটির গলা চেপে ধরে মাটি থেকে ওপরে তুলে ফেলেন এবং পরে মাটিতে আছাড় দিয়ে ফেলেন। এতে শিশুটি জখম হয় বলে দাবি করা হয়েছে।
ঘটনার পর শিশুটির বাবা ইউসুফ আলী বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে অভিযুক্ত ব্যক্তি তার ওপরও ক্ষিপ্ত হয়ে ওঠেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। তাকেও মারধরের চেষ্টা করা হয় এবং বিভিন্ন ভাবে ভয়ভীতি ও হুমকি-ধমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি।
ইউসুফ আলীর অভিযোগ,তার ছেলে নুর মোহাম্মদকে অভিযুক্ত মিরাজ হোসেন এর আগেও বিভিন্ন অজুহাতে মারধর করেছেন। সর্বশেষ ফুটবল খেলার সময় বল স্যান্ডেলের ওপর পড়াকে কেন্দ্র করে শিশুটিকে মারধরের ঘটনা ঘটে।
এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তি তাকে ও তার পরিবারের সদস্যদের বিভিন্নভাবে হুমকি-ধমকি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন ইউসুফ আলী। এ অবস্থায় তিনি নিজের ও পরিবারের নিরাপত্তা এবং ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের কাছে আবেদন জানিয়েছেন।
তবে অভিযোগে শিশুটিকে হত্যার উদ্দেশ্যে গলা চেপে ধরার কথা উল্লেখ করা হলেও এ জোরালো কোন তথ্য প্রমাণ পাওয়া যায়নি।অভিযুক্ত মিরাজ হোসেনের বক্তব্য পাওয়া যায়নি।
জীবননগর থানার অফিসার ইনচার্জ সোলায়মান শেখ বলেন ঘটনার ব্যাপারে লিখিত অভিযোগ পাওয়া গেছে তদন্ত করে আইনি ব্যবস্থা করা হবে।