চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গা জেলার নবনিযুক্ত পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার-এর সঙ্গে বাংলাদেশ দোকান মালিক সমিতি, চুয়াডাঙ্গা জেলা শাখার নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) দুপুর ১টায় চুয়াডাঙ্গা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, ব্যবসায়ী ও সাধারণ মানুষের নিরাপত্তা, বাজার এলাকায় শৃঙ্খলা বজায় রাখা, যানজট নিরসন এবং অপরাধ প্রতিরোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।
সভায় নবনিযুক্ত পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার দোকান মালিক সমিতির নেতৃবৃন্দকে স্বাগত জানান। তিনি বলেন, চুয়াডাঙ্গার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে জেলা পুলিশ দায়িত্বশীল ও পেশাদারভাবে কাজ করবে। একই সঙ্গে অপরাধ প্রতিরোধ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ব্যবসায়ী সমাজসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রয়োজন।
তিনি আরও বলেন, বাজার ও বাণিজ্যিক এলাকায় শৃঙ্খলা বজায় রাখা, যানজট নিয়ন্ত্রণ এবং ব্যবসায়ী ও ক্রেতাদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে পুলিশ ও ব্যবসায়ী প্রতিনিধিদের মধ্যে নিয়মিত সমন্বয় গুরুত্বপূর্ণ। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে স্থানীয় পর্যায়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন সমস্যা দ্রুত চিহ্নিত ও সমাধানের উদ্যোগ নেওয়া সম্ভব।
মতবিনিময় সভায় বাংলাদেশ দোকান মালিক সমিতি, চুয়াডাঙ্গা জেলা শাখার নেতৃবৃন্দ জেলার ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা,
নিরাপত্তা-সংক্রান্ত প্রত্যাশা এবং বাজার ব্যবস্থাপনার নানা বিষয় পুলিশ সুপারের কাছে তুলে ধরেন। তারা আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ ও ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় চুয়াডাঙ্গা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বাংলাদেশ দোকান মালিক সমিতি, চুয়াডাঙ্গা জেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।