আবু সাইদ শওকত আলী,ঝিনাইদহ:
ঝিনাইদহের মহেশপুরে পুলিশের বিশেষ অভিযানে ৮২ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৫ হাজার ৬০০ টাকাসহ মোঃ শিমুল হোসেন (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তরিকুল ইসলাম ওরফে ভুট্টো (৪৫) নামে এক ব্যক্তি পালিয়ে যান। তিনি ওই এলাকার চিহ্নিত মাদক কারবারি বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় এবং মহেশপুর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এর ধারাবাহিকতায় শুক্রবার (২ অক্টোবর) রাত ১১টা ৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর পুলিশ ফাঁড়ির এসআই (নিঃ) মোঃ আঃ করিম মাতুব্বর সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার মান্দারবাড়ীয়া উত্তরপাড়া এলাকায় অভিযান চালান।
অভিযানকালে তরিকুল ইসলাম ওরফে ভুট্টোর বসতঘরে তল্লাশি চালিয়ে তাঁর ছেলে শিমুল হোসেনকে নিজ ঘর থেকে আটক করা হয়। পরে আটক শিমুলের দেখানো মতে বসতঘরের ড্রয়িং রুমের একটি খাট থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তরিকুল ইসলাম ভুট্টো দৌড়ে পালানোর সময় তাঁর কাছ থেকে আরও ৫২ পিস ইয়াবা পড়ে যায় বলে পুলিশ জানায়। পরে ওই ইয়াবাগুলোও উদ্ধার করা হয়। সব মিলিয়ে ৮২ পিস ইয়াবা ট্যাবলেট, যার মোট ওজন ৮ দশমিক ২ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ২৪ হাজার ৬০০ টাকা, উদ্ধার করে জব্দ করা হয়। একই সঙ্গে মাদক বিক্রির নগদ ৫ হাজার ৬০০ টাকাও জব্দ করা হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত শিমুল হোসেন ও পলাতক তরিকুল ইসলাম ভুট্টোর বিরুদ্ধে মহেশপুর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা হয়েছে। মামলাটির নম্বর ০৫, তারিখ ৩ অক্টোবর ২০২৬।
পুলিশের দাবি, পলাতক তরিকুল ইসলাম ভুট্টোর বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলা বিচারাধীন রয়েছে। গ্রেপ্তারকৃত শিমুল হোসেনকে আদালতে পাঠানো হয়েছে। একই সঙ্গে পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান বলেন, “মাদকদ্রব্যের বিস্তার রোধে মহেশপুর থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদক নির্মূল, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে।”