শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদ করতে চুয়াডাঙ্গায় প্রস্তুতিমূলক সভা

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, নিরাপদ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে চুয়াডাঙ্গায় জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক লুৎফুন নাহার। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার।
সভায় আসন্ন দুর্গাপূজাকে ঘিরে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, পূজামণ্ডপের নিরাপত্তা, যানবাহন চলাচল ও ট্রাফিক ব্যবস্থাপনা, বিদ্যুৎ ও অগ্নিনিরাপত্তা, সড়ক ব্যবস্থাপনা, স্বেচ্ছাসেবকদের দায়িত্ব পালন এবং পূজার সময় জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করার বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার বলেন, অসাম্প্রদায়িক চেতনায় চুয়াডাঙ্গায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে প্রত্যেক ধর্মাবলম্বী যেন নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান সুষ্ঠু ও নির্বিঘ্নে পালন করতে পারেন, সে লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে।
তিনি বলেন, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে উদযাপনে চুয়াডাঙ্গা জেলা পুলিশ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে। পূজাকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আগাম প্রস্তুতি নেওয়া হবে এবং প্রয়োজন অনুযায়ী তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
পুলিশ সুপার আরও বলেন, পূজামণ্ডপসহ গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর এলাকায় পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য পোশাক ও সাদা পোশাকে দায়িত্ব পালন করবেন। পাশাপাশি সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হবে। পূজামণ্ডপের নিরাপত্তা, দর্শনার্থীদের চলাচল এবং গুরুত্বপূর্ণ সড়কে যানবাহন নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সভায় দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ধরনের গুজব, অপপ্রচার বা বিভ্রান্তিকর তথ্য যাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, সে বিষয়েও সতর্ক থাকার ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে পূজামণ্ডপের আয়োজক, স্থানীয় জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মধ্যে সমন্বয় রেখে দায়িত্ব পালনের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
এছাড়া পূজামণ্ডপে পর্যাপ্ত আলোর ব্যবস্থা, বৈদ্যুতিক সংযোগের নিরাপত্তা, অগ্নিনির্বাপণ ব্যবস্থা, জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার প্রস্তুতি এবং দর্শনার্থীদের নিরাপদ চলাচল নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. শরীফুজ্জামান, প্রশাসক, জেলা পরিষদ, চুয়াডাঙ্গা। এছাড়া জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব নয়, এটি দীর্ঘদিন ধরে বাংলাদেশের অসাম্প্রদায়িক ও সাম্প্রদায়িক সম্প্রীতির অন্যতম অনুষঙ্গ হিসেবে পালিত হয়ে আসছে। তাই ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সহযোগিতা ও দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে এবারের দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় জেলা প্রশাসন, পুলিশ, স্থানীয় প্রশাসন, পূজা উদযাপন পরিষদ, জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবক ও সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত সহযোগিতায় শারদীয় দুর্গাপূজা-২০২৬ নিরাপদ, সুশৃঙ্খল, শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে উদযাপনের প্রত্যয় ব্যক্ত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *