কাজী নজরুল ইসলামের জন্মশতবর্ষ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা:ধারাবাহিক সাফল্যে আনন্দিত পরিবার,শিক্ষক ও স্থানীয়রা
জীবননগর অফিস:
নজরুল জন্মশতবর্ষ উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ের পর জেলা পর্যায়েও প্রথম স্থান অর্জন করেছে চুয়াডাঙ্গার জীবননগরের শিশু শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস। তার এই সাফল্যে পরিবার, শিক্ষক ও স্থানীয়দের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা দিয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে চুয়াডাঙ্গায় অনুষ্ঠিত জেলা পর্যায়ের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম স্থান অর্জন করে জান্নাতুল। এর আগে উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায়ও প্রথম স্থান অর্জন করে সে। ধারাবাহিকভাবে দুই পর্যায়ে প্রথম হয়ে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছে এই শিশু শিক্ষার্থী।
জান্নাতুল ফেরদৌস জীবননগরহাসপাতালের মানবিক চিকিৎসক খ্যাত জাহাঙ্গীর আলমের মেয়ে। ছোটবেলা থেকেই ছবি আঁকার প্রতি তার বিশেষ আগ্রহ। পড়াশোনার পাশাপাশি নিয়মিত চিত্রাঙ্কনের চর্চা করে আসছে সে। বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে এর আগেও সাফল্য অর্জন করেছে জান্নাতুল।
পরিবারের সদস্যরা জানান, ছবি আকার প্রতি জান্নাতুলের আগ্রহ ছোটবেলা থেকেই। পড়াশোনার পাশাপাশি তার প্রতিভা বিকাশে পরিবার থেকে উৎসাহ দেওয়া হয়। উপজেলা পর্যায়ে প্রথম হওয়ার পর জেলা পর্যায়েও প্রথম স্থান অর্জন করায় তারা অত্যন্ত আনন্দিত ও গর্বিত।
জান্নাতুলের শিক্ষক ও স্থানীয়রা বলেন,বয়স কম হলেও চিত্রাঙ্কনের প্রতি তার আগ্রহ ও সৃজনশীলতা প্রশংসনীয়। উপজেলা পর্যায়ের পর জেলা পর্যায়েও প্রথম হওয়া তার প্রতিভার ধারাবাহিকতারই প্রমাণ। যথাযথভাবে উৎসাহ ও প্রশিক্ষণ পেলে ভবিষ্যতে সে আরও বড় পরিসরে সাফল্য অর্জন করতে পারবে।
জান্নাতুলের এই অর্জনে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তাদের প্রত্যাশা, চিত্রাঙ্কনের পাশাপাশি পড়াশোনাতেও কৃতিত্বের স্বাক্ষর রেখে ভবিষ্যতে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিয়ে জীবননগর ও চুয়াডাঙ্গার জন্য আরও গৌরব বয়ে আনবে জান্নাতুল ফেরদৌস।