জীবননগর অফিস:
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গয়েশপুর উত্তরপাড়ায় অভিযান চালিয়ে ৪৫৩ বোতল ভারতীয় এসকাফ সিরাপসহ দেলোয়ার হোসেন দেলু (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন পুলিশ।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার সীমান্ত ইউনিয়নের গয়েশপুর উত্তরপাড়ায় দেলুর নিজ বাড়িতে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
গ্রেপ্তার দেলোয়ার হোসেন দেলু গয়েশপুর উত্তরপাড়ার আয়নাল মন্ডলের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দেলুর বাড়িতে বিপুল পরিমাণ ভারতীয় এসকাফ সিরাপ মজুত থাকার খবর পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে জীবননগর থানার অফিসার ইনচার্জ(অপারেশন) অনুপ কুমার ও চৌকস পুলিশ অফিসার পলাশ আহমেদের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল সেখানে অভিযান পরিচালনা করেন। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দেলু পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির গোয়াল ঘরে তল্লাশি চালিয়ে ৪৫৩ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ এসকাফ সিরাপ উদ্ধার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ ও অফিসার ইনচার্জ (তদন্ত) আতিয়ার রহমান।
পুলিশের দাবি,দেলোয়ার হোসেন দেলু দীর্ঘদিন ধরে কৌশলে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ততার তথ্য থাকলেও পর্যাপ্ত প্রমাণের অভাবে এর আগে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। গোপন সংবাদের ভিত্তিতে এবার অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশের এ অভিযানকে সফল অভিযানকে সচেতন মহল সাধুবাদ জানিয়ে মাদক বিরোধী অভিযান অব্যাহত রাখার আহবান জানিয়েছেন।
জীবননগর থানার ওসি সোলায়মান শেখ বলেন,দেলোয়ার হোসেন দেলুর বাড়ি থেকে ৪৫৩ বোতল ভারতীয় এসকাফ সিরাপ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জীবননগর থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।
গ্রেপ্তার দেলোয়ার হোসেন দেলুকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।