জনদূর্ভোগ লাঘব জীবননগর যাদবপুর-হাবিবপুর গ্রামীণ সড়ক সংস্কার

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি:

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নে দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবে যাদবপুর থেকে হাবিবপুর অভিমুখী সড়কটি সংস্কার করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের চলাচলের সুবিধা বিবেচনায় ৪ নম্বর সীমান্ত ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাওলানা মো. আবু বকর সিদ্দিকের উদ্যোগে সড়কটির সংস্কারকাজ সম্পন্ন করা হয়। এ সময় ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের যাদবপুর-গঙ্গাদাসপুর এলাকার মেম্বার প্রার্থী মো. ইসরাইল হোসেন উপস্থিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন অংশের বেহাল অবস্থার কারণে যাতায়াতে ভোগান্তিতে পড়ছিলেন এলাকাবাসী। বিশেষ করে দৈনন্দিন প্রয়োজনে চলাচলকারী মানুষকে সড়কটি ব্যবহার করতে গিয়ে সমস্যার মুখে পড়তে হতো। এমন পরিস্থিতিতে সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। সংস্কারকাজের ফলে আপাতত স্থানীয় বাসিন্দাদের যাতায়াতের দুর্ভোগ কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।

সড়কটি যাদবপুর, গঙ্গাদাসপুর ও হাবিবপুর এলাকার মানুষের চলাচলের জন্য গুরুত্বপূর্ণ। এসব এলাকার বাসিন্দাদের দৈনন্দিন যাতায়াতসহ বিভিন্ন প্রয়োজনে সড়কটি ব্যবহার করতে হয়। ফলে সড়কটির সংস্কার স্থানীয় যোগাযোগব্যবস্থায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সংস্কার উদ্যোগের বিষয়ে চেয়ারম্যান প্রার্থী মাওলানা মো. আবু বকর সিদ্দিক বলেন, “দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কারের অভাবে এলাকাবাসী দুর্ভোগে ছিলেন। স্থানীয় মানুষের চলাচলের সুবিধার কথা বিবেচনা করে উদ্যোগ নিয়ে সড়কটি সংস্কার করা হয়েছে। নির্বাচিত হলে ইউনিয়নের অন্যান্য গুরুত্বপূর্ণ সড়ক সংস্কারসহ জনদুর্ভোগের বিষয়গুলো অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের চেষ্টা করব।”

স্থানীয় বাসিন্দারা সড়কটি সংস্কারের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, গ্রামীণ সড়কের নিয়মিত রক্ষণাবেক্ষণ ও প্রয়োজনীয় সংস্কার করা হলে সাধারণ মানুষের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি স্থানীয় যোগাযোগব্যবস্থাও আরও উন্নত হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *