আবু সাইদ শওকত আলী,ঝিনাইদহ প্রতিনিধি:-
আত্মহত্যা, বাল্যবিবাহ ও মাদকাসক্তি প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচির মাধ্যমে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি, সামাজিক দায়বদ্ধতা তৈরি এবং এসব সমস্যা প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
সোমবার দুপুরে ঝিনাইদহ শহরের আরাপপুর রাবেয়া ক্লিনিকের বিল্ডিং এর চতুর্থ তলায় মৌ সংস্থার নিজস্ব কার্যালয়ে এ আলোচনা অনুষ্ঠিত হয়।
সংস্থার সভাপতি ডাক্তার সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ জেলা সমাজসেবা কার্যালয়ের অফিসার (নিবন্ধক) হাসানুজ্জামান। সংস্থার সাধারণ সম্পাদক গোলাম বারি।এছাড়াও সাংবাদিক, সুশীল সমাজ,রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে আত্মহত্যা প্রতিরোধে মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া, হতাশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং প্রয়োজনে পরিবার, শিক্ষক ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সহায়তা নেওয়ার বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব তুলে ধরে শিশুদের শিক্ষা নিশ্চিত করা এবং নির্ধারিত বয়সের আগে বিয়ে বন্ধে পরিবার ও সমাজের সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

এ ছাড়া মাদকাসক্তির কুফল তুলে ধরে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখা, খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং পরিবারে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
বক্তারা বলেন, আত্মহত্যা, বাল্যবিবাহ ও মাদকাসক্তি সমাজের জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। এসব সমস্যা প্রতিরোধে শুধু ব্যক্তিগত উদ্যোগ যথেষ্ট নয়, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে সঠিক দিকনির্দেশনা দেওয়ার পাশাপাশি তাদের সমস্যা মনোযোগ দিয়ে শোনা ও সহযোগিতা করা জরুরি।অনুষ্ঠান শেষে অসহায়দর মাঝে প্রায় শতাধিক খাদ্য সামগ্রিক বিতরণ করা হয়।